সিনাইয়ে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী বড় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসর ও ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তে গতকাল টহল দেন মিসরের সেনারা। সম্প্রতি সিনাই উপদ্বীপে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করেছে মিসর। ফিলিস্তিনের গাজা এলাকা থেকে তোলা ছবি ষ এএফপি
মিসর ও ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তে গতকাল টহল দেন মিসরের সেনারা। সম্প্রতি সিনাই উপদ্বীপে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করেছে মিসর। ফিলিস্তিনের গাজা এলাকা থেকে তোলা ছবি ষ এএফপি

মিসরের সেনাবাহিনী গোলযোগপূর্ণ সিনাইয়ে বড় ধরনের জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন জঙ্গি নিহত হয়। বলা হচ্ছে, সাম্প্রতিক কয়েক বছরে এটা সিনাইয়ে সরকারি বাহিনীর সবচেয়ে বড় অভিযান।
সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান রাফা ও শেখ জুয়াইদ শহর ও আশপাশের গ্রামে পরিচালিত হয়। সেনাবাহিনী জঙ্গিদের অস্ত্রের ভান্ডার, যানবাহন ও গোপন আস্তানা ধ্বংসের লক্ষ্যে হেলিকপ্টার থেকে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে সারি সারি ট্যাংক, পদাতিক বাহিনীর ট্রাক, রকেট লঞ্চার এবং অনান্য অস্ত্র-সরঞ্জাম এ অভিযানে ব্যবহূত হয়।
নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, অভিযানে বেশ কিছুসংখ্যক সন্দেহভাজন বিদ্রোহী আহত হয়েছে। অভিযান এলাকার অন্যতম উপজাতীয় নেতা শেখ হাসান খালাফ বলেন, ‘এটি এই অঞ্চলে আমাদের দেখা এ পর্যন্ত সবচেয়ে বড় অভিযান। আমরা এর জন্যই অপেক্ষা করছিলাম।’
এদিকে মিসরীয় সেনাবাহিনী সুয়েজ খাল এলাকায় রেললাইন থেকে কিছু মর্টার ও অন্যান্য বিস্ফোরক অপসারণ করেছে।
২০১১ সালে গণ-আন্দোলনে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিশাল কিন্তু জনবিরল সিনাই অঞ্চলে অস্থিতিশীল হয়ে উঠেছে। সেখানে জঙ্গিরা প্রায়ই বিভিন্ন পাইপলাইন ও নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করছে। জঙ্গিদের অতর্কিত হামলায় গত ২৪ আগস্ট সিনাইয়ে ২৪ জন পুলিশ নিহত হয়।
গত বৃহস্পতিবারই কায়রোতে সন্দেহভাজন জঙ্গিরা স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিমের গাড়ি লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এ থেকে মন্ত্রী রক্ষা পেলেও অন্য একজন নিহত হন।
বিশ্লেষকেরা বলছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি এবং তাঁর সংগঠন মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান উত্তরের এই মরু অঞ্চলের জঙ্গিদের প্রতিশোধমূলক হামলা চালাতে উৎসাহিত করেছে। বিবিসি।