সিনাইয়ে সেনা অভিযানে ছয় জঙ্গি নিহত
সিনাই উপদ্বীপে গতকাল রোববার মিসরের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ছয়জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সিনাইয়ের উত্তরাঞ্চলীয় আল-আরিশ শহরের কাছে একটি গ্রামে সেনাবাহিনীর অভিযান চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে।সম্প্রতি সন্ত্রাসী হামলায় ১৬ জন মিসরীয় সীমান্তরক্ষী নিহত হন। এরপর মিসরের সেনাবাহিনী গত সপ্তাহে সিনাইয়ে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে।কর্মকর্তারা জানান, আল-আরিশ শহরের ৩০ কিলোমিটার দক্ষিণে আল-ঘোরা গ্রামে গতকাল ছয় জঙ্গি নিহত হয়। জঙ্গিবিরোধী অভিযান শুরু হওয়ার পর এটাই প্রথম হতাহতের ঘটনা। জঙ্গিদের কাছে রকেট লঞ্চার, গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র ছিল।রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, লড়াইয়ে তিনজন সেনাসদস্যও আহত হয়েছেন। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।বিশেষজ্ঞরা বলেন, গত বছর হোসনি মোবারকের পতনের পর থেকে সিনাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সেখানে মুসলিম জঙ্গিদের উদ্ভব ঘটেছে। মিসর, ইসরায়েল ও গাজা সীমান্তবর্তী সিনাই উপদ্বীপ দিয়ে চোরাচালানও বেড়ে গেছে। গাজা ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত সুড়ঙ্গগুলো দিয়ে এই চোরাচালান হচ্ছে। বিবিসি।