সিনাবাংয়ে ফের অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ায় জেগে ওঠা মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে গতকাল মঙ্গলবার আবারও অগ্ন্যুৎপাত হয়েছে। গত ২৯ আগস্ট জেগে ওঠার পর এই আগ্নেয়গিরি থেকে যতবার অগ্ন্যুৎপাত হয়েছে, গতকালের অগ্ন্যুৎপাতকে তার মধ্যে সবচেয়ে প্রচণ্ড হিসেবে বর্ণনা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝরাতের পর উত্তর সুমাত্রার মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে লাভা, পাথর, ছাই ও গ্যাস উদিগরণ হয়। অগ্ন্যুৎপাতের স্থায়িত্ব ছিল পাঁচ মিনিট। প্রায় পাঁচ মাইল দূর থেকেও অগ্ন্যুৎপাতের বিষয়টি অনুভূত হয়েছে।আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আগুস বুদিয়ানতো বলেন, গতবারের চেয়ে এবারের অগ্ন্যুৎপাত ছিল দ্বিগুণ। উদিগরণ হওয়া ছাই পাঁচ হাজার মিটার ওপরে পর্যন্ত উঠে গেছে। চার শতাব্দী নিষ্ক্রিয় থাকার পর গত ২৯ আগস্ট মাউন্ট সিনাবাং থেকে প্রথম অগ্ন্যুৎপাতের পর ২০ হাজারেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। তারা জরুরি আশ্রয়শিবিরে অবস্থান করছে।এদিকে দেশটির প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়ুধোইয়োনো গত সোমবার আগ্নেয়গিরি এলাকা পরিদর্শন করেছেন। তিনি বাস্তুচ্যুত মানুষকে শান্ত থাকার আহ্বান জানান। প্রত্যেকবার অগ্ন্যুৎপাতের সঙ্গে আগ্নেয়গিরি এলাকায় অবস্থান করা লোকজনের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। অনেকে বাড়িঘর ও ফসল পাহারা দেওয়ার জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে গেছেন। এএফপি।