সিনেট থেকে পদত্যাগ করলেন রেহমান মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ সহযোগী রেহমান মালিক দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট থেকে পদত্যাগ করেছেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কের জের ধরে গত সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন।ব্রিটিশ নাগরিকত্ব ধরে রেখে সরকারের দায়িত্ব পালনের অভিযোগে গত ৪ জুন সিনেটে রেহমান মালিকের সদস্যপদ স্থগিত করার আদেশ দেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। এর পর থেকে রেহমান মালিক প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।গতকাল মঙ্গলবার করাচিতে রেহমান মালিক সাংবাদিকদের বলেন, ‘আমি সিনেট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত দলের নেতৃত্বকে জানানো হয়েছে। ভবিষ্যতে দল কোনো দায়িত্ব দিলে তা পালন করতে রাজি আছি।’রেহমানের এই ঘোষণার আগে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়, যাতে সাংসদদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবিধানিক বাধা দূর করার বিধান রাখা হয়েছে।এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেহমান বলেন, ‘আমি ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করেছি। আমাকে সুবিধা দেওয়ার জন্য দ্বৈত নাগরিকত্ব বিল উত্থাপন করা হয়নি।’ এএফপি ও ডন অনলাইন।