সিনেট নির্বাচনে দাঁড়াবেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল শনিবার টুইটার বার্তায় উইকিলিকস এ ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ একটি ধর্ষণ ও যৌন হয়রানি মামলায় যুক্তরাজ্যের আদালত থেকে জামিনে রয়েছেন। ওই মামলায় সুইডেনের কাছে তাঁকে সমর্পণের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। আদালত এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত দেননি। অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছেন, উইকিলিকসের কর্মকাণ্ডের বিরোধিতা করতে ও রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। উইকিলিকস কয়েক হাজার গোপন মার্কিন কূটনৈতিক নথি ইন্টারনেটে ফাঁস করে হইচই ফেলে দেয়। টুইটার বার্তায় উইকিলিকস বলেছে, ৪০ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগের মামলার বিচার-প্রক্রিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে, এতে অস্ট্রেলিয়ার উচ্চকক্ষের নির্বাচনে তাঁর অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। প্রতিষ্ঠানটি বলছে, ‘আমরা দেখেছি, আটক থাকা অবস্থায়ও অ্যাসাঞ্জের সিনেট নির্বাচনে অংশ নেওয়ায় আইনি কোনো বাধা নেই। অ্যাসাঞ্জ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ উইকিলিকস বলছে, ২০১৩ সালে অনুষ্ঠেয় ভিক্টোরিয়া রাজ্যের লালরে নিম্নকক্ষের নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা প্রার্থী দাঁড় করাবে। এর আগে অস্ট্রেলিয়া সরকার উইকিলিকসের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে। গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তা ফাঁস করায় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড উইকিলিকসকে ‘একেবারেই দায়িত্বহীন’ বলে বর্ণনা করেন। এ ছাড়া গোপন নথি ফাঁস করার ঘটনা অস্ট্রেলিয়ার আইনের লঙ্ঘন কি না, এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয় সরকার। তবে তদন্তের পর ২০১০ সালে পুলিশের প্রতিবেদনে বলা হয়, অ্যাসাঞ্জ আইন লঙ্ঘন করেননি। এএফপি।