যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পাদিত পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি দ্রুত অনুমোদন করার জন্য মার্কিন সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভের মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্রে ফিরে ওবামা ওই দিনই সংবাদমাধ্যম এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ আহ্বান জানান।রিপাবলিকান-দলীয় আইনপ্রণেতাদের প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, ‘পুরো চুক্তিটি পর্যালোচনা করার পর তাঁরাও স্বীকার করবেন যে চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করা হয়েছে। সিনেটে যাঁরা চুক্তি নিয়ে প্রশ্ন তুলতে পারেন, তাঁদের উদ্দেশে আমি বলতে চাই, পরমাণু অস্ত্রের বিস্তার রোধের মতো বড় বিষয় নিয়ে এগিয়ে যেতে এই চুক্তি অপরিহার্য।’ মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির প্রধান ডেমোক্র্যাট-দলীয় সিনেটর জন ক্যারিও চুক্তিটি দ্রুত অনুমোদন করার জন্য সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন। সিনেটে পূর্ণ ভোটে চুক্তিটি তোলার দায়িত্ব এই কমিটির।সিনেটর ক্যারি বলেন, আগামী মাসের শুরুতে ওবামা প্রশাসনের কাছ থেকে পুরো চুক্তিটি তাঁদের কাছে পৌঁছার পর সেটা নিয়ে সিনেটে রিপাবলিকান সদস্যদের নেতা রিচার্ড লুগারের সঙ্গে আলোচনা করবেন তিনি।এর আগে প্রাগে চুক্তি সইয়ের পর ওবামা জানান, তিনি আত্মবিশ্বাসী যে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান-দলীয় আইনপ্রণেতারা যখন চুক্তিটি দেখবেন, তাঁরা নিশ্চিত হবেন চুক্তিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাস্বার্থ পুরোপুরি সংরক্ষণ করা হয়েছে। প্রাগ ছাড়ার আগে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এবং ন্যাটোভুক্ত কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের ১১টি দেশের নেতাদের সঙ্গে দেখা করেন ওবামা। তিনি তাঁদের আশ্বস্ত করেন, বর্তমানে রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক থাকলেও ওয়াশিংটন ওই দেশগুলোকে পাশে সরিয়ে রাখবে না।এদিকে পরমাণু অস্ত্র হ্রাসকরণ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার চুক্তিকে স্বাগত জানিয়েছে জাপান। গতকাল শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামা সাংবাদিকদের বলেন, ‘বিশ্বের জন্য এটি একটি সুখবর। আমাদের দেশ পরমাণু বোমা হামলার শিকার হয়েছিল। একটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার কর্মসূচিতে নেতৃত্বদান অব্যাহত রাখতে চাই আমরা।’ এএফপি।শ্রীলঙ্কায় নির্বাচনে ক্ষমতাসীন জোট এগিয়েগতকাল শুক্রবার প্রকাশিত শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের আংশিক ফলাফলে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) ১৫টির মধ্যে ১১টি আসনে জিতেছে। এ ছাড়া নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, আরও বেশ কয়েকটি আসনে তারা এগিয়ে আছে। এতে সম্ভাব্য জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন জোট। তবে সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তারা পাবে কি না তা এখনো নিশ্চিত নয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভয়ের কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল। খবর এএফপি, টেলিগ্রাফ ও রয়টার্স।নির্বাচন কর্মকর্তারা জানান, মধ্য ক্যান্ডি জেলার ১২টি আসনের ফলাফল ঘোষণায় দেরি হতে পারে। কারণ একটি এলাকায় সহিংস ঘটনা ঘটায় আবারও ভোট গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের এ পর্যন্ত অর্ধেক ভোট গণনা হয়েছে। তাতে ইউপিএফএ পেয়েছে ৬৩ দশমিক ২৭ শতাংশ ভোট এবং তাঁর প্রধান বিরোধী ইউনাইটেড ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ দশমিক ৬৪ শতাংশ ভোট। শ্রীলঙ্কার ক্ষমাসীন দল গতকাল শুক্রবার দাবি করেছে, তারা পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে। ভোট গণনায় দেখা গেছে তারা বড় ব্যবধানে এগিয়ে আছে।ইউপিএফএর মুখপাত্র পরিবহনমন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেন, ‘আমরা নির্বাচনে জিতেছি।’ তিনি বলেন, ২২৫ পার্লামেন্ট আসনের মধ্যে তাঁরা ১৩৮ থেকে ১৪২টি আসন পাবেন। তিনি আরও বলেন, ‘দুই-তৃতীয়াংশ আসনের চেয়ে আমাদের ১২ বা ১৩টি আসন কম থাকতে পারে। কিন্তু এটা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ হবে না।’ ধারণা করা হচ্ছে, এ নির্বাচনের জয় রাজাপক্ষের ক্ষমতাকে আরও দৃঢ় করবে।এদিকে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আশা করছেন, সংবিধান সংশোধনের জন্য তাঁরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। তিনি আরও বলেন, ‘দেশের উন্নতির জন্য আমি শক্তিশালী পার্লামেন্ট চাই।’ সংবিধানে পরপর দুবারের বেশি প্রেসিডেন্ট থাকার বিধান নেই। যদিও ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে তিনি ছয় বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করেছেন।গত বছরের মে মাসে তামিল গেরিলাদের পরাজিত করার মাধ্যমে শ্রীলঙ্কায় ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। এরপর প্রথমবারের মতো শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।