সিনেমার মতো দুটি বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট বিয়েবাড়ি। বরপক্ষ হাজির। পুরোহিত তৈরি। কিন্তু কনে লাপাত্তা! হন্যে হয়ে খোঁজাখুঁজির পরও তাঁর হদিস মিলল না। সন্ধ্যাবেলা কনে ফিরলেন ঠিকই, তবে তাঁর প্রেমিককে বিয়ে করে সঙ্গে নিয়ে! বরপক্ষও কম যায় না। তারা পলাতক কনের ছোট বোনকে বউ করেই বাড়ি ফিরল।না, উপমহাদেশীয় কোনো চলচ্চিত্রের কাহিনি নয়। এটা বাস্তব ঘটনা। কিন্তু ভারতের নাগপুরের গত বুধবারের এ ঘটনা সিনেমার কাহিনিকেও যেন হার মানিয়েছে।বুধবার বেলা ১১টায় নাগপুরের পন্ধ্রাবদি এলাকার মেয়ে রিমার (পরিবর্তিত নাম) বিয়ের অনুষ্ঠানের কথা ছিল। কম্পিউটার শিক্ষক বর শেখর (পরিবর্তিত নাম) যথাসময়ে ৩০০ বরযাত্রী নিয়ে হাজির।কিন্তু কনে রিমা সাতসকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান নেই। মুঠোফোনটিও বন্ধ। রিমার পরিবারের লোকজন পুলিশকে জানান যে রবি (পরিবর্তিত নাম) নামের এক যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে রবির বাড়িতে গিয়ে খোঁজ করে দেখে তিনিও লাপাত্তা। তখন পুলিশ নিশ্চিত হয়, রবির সঙ্গেই রিমা পালিয়েছেন। তবে সারা দিন খুঁজেও তাঁদের হদিস মেলেনি। কনে রিমার পালিয়ে যাওয়ার খবর জানতে পেরে বরপক্ষ তো মহা হতাশ। রিমার প্রেমের সম্পর্কথাকার কথা আগে প্রকাশ না করায় তারা কনের পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন সন্ধ্যার দিকে স্বামী রবির হাত ধরে বাড়ি ফেরেন রিমা। উপায় না দেখে রিমার পরিবার তাদের ছোট মেয়ে রিতাকে বলে (পরিবর্তিত নাম) শেখরকে বিয়ে করতে। রাজি হয়ে যান রিতা। শেষ পর্যন্ত আনন্দের মধ্য দিয়েই শেষ হয় এই রুদ্ধশ্বাস সত্যিকারের নাটক। টাইমস অব ইন্ডিয়া।