বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় গতকাল শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সেখানকার শত শত গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা উপদ্রুত এলাকায় সংকট আরও গভীর হয়েছে। আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দপ্তর। পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হওয়ায় সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভও বাড়ছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যার কারণে সিন্ধু নদীর আশপাশের পাঁচ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি প্রকট হয়ে ওঠা সত্ত্বেও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বিদেশ-সফর অব্যাহত রেখেছেন। বলা হচ্ছে, দেশে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মধ্যে জারদারি প্যারিস ও লন্ডন সফরে গিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তবে প্রেসিডেন্ট জারদারি সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, মন্ত্রিসভার সদস্যরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এ ছাড়া তিনি নিজে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, বন্যায় এ পর্যন্ত এক হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। সিন্ধুসহ অন্যান্য অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটি ২০ লাখের বেশি মানুষ।বন্যায় সিন্ধু প্রদেশের কৃষির প্রাণকেন্দ্র পাঞ্জাব ও উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রামাঞ্চলে বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় এক হাজার কিলোমিটার সড়কও ভেঙে গেছে। জাতিসংঘের মানবাধিকার সমন্বয়-বিষয়ক কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, সিন্ধু প্রদেশের অন্তত চারটি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া পাঁচ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও বন্যা দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে সেখানে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। লাদাখ অঞ্চলে বন্যায় ইতিমধ্যে ১১৩ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে ভয়াবহ এ বন্যার সময় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেশে অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বলা হচ্ছে, দেশের এ দুর্যোগের দিনে বিদেশ-ভ্রমণে থেকে জারদারি তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তবে এ সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, তিনি বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর রাখছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি তাঁর বাবার ইউরোপ সফরের ব্যাপারে প্রবল সমর্থন ব্যক্ত করেছেন। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে একটি দানকেন্দ্র চালু করা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই সমর্থনের কথা জানান।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ২১ বছর বয়সী বিলাওয়াল বাবার কথা উল্লেখ করে বলেন, তিনি ভালো করছেন। পাকিস্তানের মানুষের মঙ্গলের জন্য যা দরকার, তিনি তা-ই করছেন।বিবিসি, রয়টার্স, এপি।