সিন্ধুর পানি চুক্তি পর্যালোচনার ইঙ্গিত পাকিস্তানের
সিন্ধু নদের পানি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি পর্যালোচনা করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানাতে পারে ইসলামাবাদ। গত শুক্রবার পাকিস্তানের পানি ও বিদ্যুৎমন্ত্রী খাজা আসিফ এই ইঙ্গিত দিয়েছেন।
দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান সিন্ধু নদের পানির বিষয়ে পরস্পরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ১৯৬০ সালে। তবে সম্প্রতি পাকিস্তান অভিযোগ তুলেছে, বাঁধ দিয়ে পাকিস্তানে পানির প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত।
পাকিস্তানের পানিমন্ত্রী আসিফ বলেন, চুক্তি পর্যালোচনার প্রয়োজন আছে কি না সে সিদ্ধান্ত নেবে সরকার। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, পানিপ্রবাহে বাধা দেওয়ার জন্য ভারত সিন্ধুর সঙ্গে যুক্ত বিভিন্ন নদীতে বাঁধ তৈরি করেছে।
সিন্ধুর পানিবিষয়ক অতিরিক্ত কমিশনার সিরাজ মেমন বলেন, ভারতের সাতটি প্রকল্প নিয়ে পাকিস্তানের অভিযোগ রয়েছে। পিটিআই।