সিন্ধুরক্ষক থেকে চার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে বিস্ফোরণের পর নিমজ্জিত ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরক্ষক থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে দেশটির নৌবাহিনী।রাশিয়ার তৈরি ডুবোজাহাজটি গত মঙ্গলবার মধ্যরাতে এক বিস্ফোরণের পর আগুন ধরে গিয়ে ডুবে যায়। এটি তখন ডকইয়ার্ডে ভেড়ানো ছিল। ঘটনার সময় নাবিকদের অনেকে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও দুজন কর্মকর্তাসহ ১৮ জন ভেতরে আটকা পড়েন।নৌবাহিনীর একজন মুখপাত্র গতকাল শুক্রবার বলেন, চারটি মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় সেগুলো পরিচয় শনাক্ত করার মতো নেই। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই।নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ডুবোজাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ এলাকায় যে ক্ষয়ক্ষতি ও ধ্বংসের নজির পাওয়া গেছে তাতে মনে হয়েছে, এটির সামনের অংশ থেকে মৃতদেহ উদ্ধার করে আনা কঠিন কাজ। কেননা, বিস্ফোরণ ও অতি উচ্চ তাপমাত্রার কারণে সেখানকার ইস্পাতও গলে গেছে। রয়টার্স ও বিবিসি।