সিপিএম নেতার আবেদন কেরালার আদালতে গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএনসি-লাভালিনসংক্রান্ত এক দুর্নীতি মামলায় সিপিএমের সেক্রেটারি পিনারাই বিজয়নসহ ছয়জনের অব্যাহতির আবেদন গ্রহণ করেছেন ভারতের কেরালার একটি আদালত।
এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এম পি গোবিন্দ বলেন, ‘এটা তাঁর (বিজয়ন) ও দলের জন্য বিশাল স্বস্তির। আমরা আশাবাদী, রায়ও বিজয়নের পক্ষে যাবে।’
কংগ্রেসের মুখপাত্র রাজমোহন উন্নিথান বলেন, আদালতের সিদ্ধান্তের প্রতি তাঁদের সম্মান রয়েছে।
২০০৯ সালের জুনে কানাডাভিত্তিক এসএনসি-লাভালিন কোম্পানির সঙ্গে রাজ্যে তিনটি বিদ্যুৎকেন্দ্র সংস্কারের চুক্তি সই হয়। তখনকার রাজ্য বিদ্যুৎমন্ত্রী বিজয়ন ওই চুক্তিতে সই করেন। এ প্রকল্পে ৩৭৪ কোটি রুপি ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
সিবিআই আদালতকে জানায়, চুক্তি চূড়ান্ত করতে বিজয়ন কানাডায় গিয়েছিলেন। তবে তাঁর সঙ্গে কোনো বিশেষজ্ঞ ছিলেন না। তদন্ত সংস্থাটি এও উল্লেখ করে, তখনকার বিদ্যুৎসচিব সতর্ক করা সত্ত্বেও বিজয়ন চুক্তিটি নিয়ে অগ্রসর হন।
সিপিএম নেতা বিজয়ন ওই অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতকে বলেন, তিনি কোনো ভুল করেননি। সিবিআই আদালতের বিচারক আর রেঘু সিবিআইয়ের অভিযোগপত্রকে ভিত্তিহীন অভিহিত করে বিজয়নের আবেদন গ্রহণ করেন।
সিপিএমের পলিট ব্যুরোর একজন সদস্যকে দুর্নীতির মামলায় জামিন নিতে আদালতে হাজির হতে হয় বলে মামলাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইএএনএস।