তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিপিএমের এক নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের জের ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। গত শনিবার কলকাতায় একটি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় সিপিএমের সাবেক সাংসদ অনিল বসু ওই কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় তৃণমূল অবিলম্বে অনিলের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও দিয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং বামফ্রন্টের চেয়ারম্যান ও রাজ্য সিপিএমের সম্পাদক বিমান বসুও অনিলের বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় বুদ্ধদেব ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ’উনি (অনিল) যে মন্তব্য করেছেন, তা ভদ্রতা ও শালীনতা-বহির্ভূত। কোনো কমিউনিস্ট নেতার মুখে এমন কথা মানায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ।’ বিমান বসু বলেন, সিপিএম ও বামফ্রন্ট অনিল বসুর মন্তব্যকে সমর্থন করে না। কলকাতায় এক সংবাদ সম্মেলনে বুদ্ধদেব বলেছেন, অনিল বসুকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারে শামিল হওয়া ও জনসভায় ভাষণ দেওয়া থেকে তাঁকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।মমতা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় গতকাল প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অনিল বসু। তিনি বলেন, ‘অসতর্ক মুহূর্তে তৃণমূল নেত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় আমি দুঃখিত। এ জন্য আমি ক্ষমা চাচ্ছি।’গত শনিবার কলকাতায় নির্বাচনী ভাষণে অনিল বসু বলেন, ‘কলকাতার সোনাগাছির মেয়েদের ঘরে যখন টাকা-পয়সাওয়ালা বড়বাবুরা আসে, তখন তারা ছোটবাবুদের দিকে তাকায় না। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে। বড় হুজুর ঢুকে গেছে। ও (মমতা) চেন্নাই ও বেঙ্গালুরুর টাকা নেবে কেন? ওই ৩৪ কোটি টাকা সে কোথায় পেয়েছে? কোন ভাতার টাকা দিয়েছে, তা বলতে হবে।’ এ মন্তব্য কলকাতার বিভিন্ন টেলিভিশনে প্রচার করা হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে বিধানসভার নির্বাচনে কলকাতা ও উত্তর ও চব্বিশ পরগনার ভোটের মাত্র পাঁচ দিন আগে অনিল বসুর এই মন্তব্য নিয়ে অশ্বস্তিতে পড়ে সিপিএম।ছত্রধরের খোলা চিঠি: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদীদের ছত্রচ্ছায়ায় গঠিত পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি খোলা চিঠি দিয়েছেন। গত শনিবার চিঠিটি একটি পত্রিকার কার্যালয়ে পাঠানো হয়।চিঠিতে ছত্রধর বলেন, এত দিন তাঁরা তৃণমূল কংগ্রেসের জনসভায় লোক পাঠিয়ে ময়দান পরিপূর্ণ রেখেছেন। অথচ সেই সহযোগিতার কথা ভুলে গেছে তৃণমূল কংগ্রেস। বরং তিনি প্রার্থী হওয়ায় সমালোচনা করছে দলটি।ছত্রধর আরও বলেন, তৃণমূল জঙ্গলমহলের মানুষের ওপর অত্যাচারের বিষয়ে নীরব থেকেছে। তাই স্থানীয় জনগণের প্রতিনিধি হিসেবে জঙ্গলমহলের দাবি আদায়ের লক্ষ্যে তিনি প্রার্থী হয়েছেন।