সিপিএমের কাছে ধরনা মমতার সাড়া মেলেনি বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার জন্য প্রয়োজনীয়সংখ্যক সাংসদ এখনো জোগাড় করতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সচিবালয় মহাকরণে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর ‘রাজনৈতিক শত্রু’ সিপিএমকে এই প্রস্তাব তোলার অনুরোধ জানিয়েছেন। এ সময় মমতা প্রয়োজনে সিপিএমের রাজ্য কার্যালয়ে যেতেও রাজি আছেন বলে জানান। তবে তাঁর প্রস্তাবে সায় দেয়নি সিপিএম। সিপিএমের নেতা গৌতম দেব বলেন, মমতা সিপিএমের দলীয় কার্যালয়ে এলে তাঁকে স্বাগত জানানো হবে। তবে তাঁরা এখনো চান, অনাস্থা প্রস্তাব নয়, বরং পার্লামেন্টে এফডিআইয়ের প্রতিবাদে সংবিধানের ১৮৪ ধারায় আলোচনা ও পরে এ নিয়ে ভোটাভুটি। এতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহজ হবে। কারণ, বর্তমানে ইউপিএ সরকারের যে অবস্থান, তাতে তাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। তা ছাড়া, অনাস্থা প্রস্তাব বাতিল হলে কংগ্রেসই লাভবান হবে। এদিকে কংগ্রেসও মমতার হুমকিকে এখন আমল দিচ্ছে না। তারা নিশ্চিত, অনাস্থা প্রস্তাব এনে ইউপিএ সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবে না তৃণমূল বা বিজেপি। এদিকে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, তৃণমূল কংগ্রেসের অনাস্থা প্রস্তাবে সমর্থন দিতে ইচ্ছুক নয় প্রধান বিরোধী দল বিজেপি। পার্লামেন্টে সরকারের পক্ষে যথেষ্টসংখ্যক সদস্যের সমর্থন থাকার বিষয়টি বিবেচনা করে গতকাল মঙ্গলবার দলটির এক বৈঠকে এ ধরনের সিদ্ধান্তের আভাস পাওয়া গেছে।ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে ওই অনাস্থা প্রস্তাব আনার হুমকি দেয়। তৃণমূলের অনাস্থায় সমর্থন দিতে আগ্রহী না হলেও বিজেপি দেশের খুচরা বাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টিতে পার্লামেন্টে ভোটাভুটিতে আগ্রহী।গতকাল বিজেপির সংসদীয় দলের নির্বাহী কমিটির বৈঠকে লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনে দলের কৌশল কী হবে, তা নিয়ে আলোচনা হয়। তৃণমূলের অনাস্থা প্রস্তাবের উদ্যোগ, এফডিআই ও কয়লাখনি বরাদ্দসহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়। গতকাল সন্ধ্যার পর জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) শরিকদের সঙ্গে বিজেপির বৈঠকে জোটের অভিন্ন কৌশল চূড়ান্ত হওয়ার কথা থাকায় দলের ওই বৈঠকে নেতারা নিজেদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে অনেকটাই নীরব ছিলেন।বৈঠক প্রসঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘পার্লামেন্টের আসন্ন অধিবেশনে আমাদের কৌশল কী হবে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং একটি ধারণায় পৌঁছেছি। এনডিএর শরিকদের সঙ্গে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’বিজেপির কয়েকটি সূত্র জানায়, দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু ইউপিএ সরকারের পতন ঘটানোর মতো পার্লামেন্টে পর্যাপ্তসংখ্যক প্রতিনিধিত্ব না থাকায় তারা তৃণমূলের অনাস্থা প্রস্তাব সমর্থন না-ও করতে পারে। তবে বাম ও অন্য সমমনা দলগুলোকে নিয়ে এফডিআইয়ের ওপর ১৮৪ ধারায় আলোচনার চাপ দিতে পারে বিজেপি, যাতে এ বিষয়ে লোকসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নিতিন গড়কারি, জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, লোকসভায় বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ, রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা অরুণ জেটলি, এম ভেনকাইয়া নাইডু, যশবন্ত সিং প্রমুখ।