সিপিএমের ঘরছাড়াদের ঘরে ফেরাবে তৃণমূল
পশ্চিমবঙ্গে সিপিএমের ঘরছাড়া নেতা-কর্মী ও সমর্থকদের ঘরে ফিরিয়ে আনতে চাইছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর রাজ্যের বিভিন্ন জেলা থেকে সিপিএমের নেতা, কর্মী ও সমর্থকদের ঘরছাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটি।
ঘরছাড়া এসব নেতা-কর্মী ও সমর্থককে ঘরে ফেরানোর আরজি জানানো সত্ত্বেও এত দিন তাতে কান দেয়নি শাসক দল। পরে এসব ঘরছাড়া নেতা-কর্মী ও সমর্থক বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন।
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে শঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল। কেন্দ্রের মোদি সরকারের সঙ্গেও তাদের তেমন সুসম্পর্ক নেই। রাজ্যে বিজেপি শক্তিশালী হোক—এটা চাইছেন না মমতা। কারণ তাঁর দলেও ক্ষতি।
এদিকে বিজেপির বিরুদ্ধে সব সময়ই অস্ত্রে শাণ দিয়ে এসেছে সিপিএম। কারণ, সিপিএম ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী।
পরিবর্তিত পরিস্থিতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার লক্ষ্যে শাসক দল তৃণমূল চাইছে রাজ্যের ছয়টি জেলায় সিপিএমের ঘরছাড়াদের এলাকায় ফিরিয়ে আনতে। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সিপিএমের এসব ঘরছাড়া নেতা-কর্মীকে শামিল করাই তৃণমূলের উদ্দেশ্য।
এ লক্ষ্যে গতকাল বুধবার রাজ্যের ছয় জেলার তৃণমূল সভাপতি ও বিধায়কদের নিয়ে একটি সভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বৈঠকে তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুব্রত বক্সিও ছিলেন। জেলা ছয়টি হলো—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদীয়া ও বীরভূম।
সিপিএমের ঘরছাড়া নেতা-কর্মী ও সমর্থকদের ঘরে ফেরার ব্যাপারে সহযোগিতা করতে দলের নেতা ও বিধায়কদের নির্দেশনা দিয়েছেন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে সিপিএমের এই নেতা-কর্মীরা এলাকায় ফিরে যাতে বিজেপিতে যোগ না দেন, সেদিকটিতেও লক্ষ রাখতে বলা হয়েছে।