সিপিএমের সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধের ডাক মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাবেক শাসক দল সিপিএমের সম্পত্তি বিক্রি করে পশ্চিমবঙ্গের ঋণ পরিশোধ করার ডাক দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গলসি হাইস্কুল ময়দানে  পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে এই ডাক দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিপিএমের কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি করে বাংলার ঋণ শোধ করা হোক।’ তিনি বলেন, সিপিএম ঋণ নিয়েছে। আর তাতে ইন্ধন জুগিয়েছে কংগ্রেস। বিপুল পরিমাণ এই ঋণের দেনা শোধ করতে হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে। তাই সিপিএমের সম্পত্তি বেচে ঋণ শোধ করা হোক।’

মমতা এই ঋণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলার মানুষ তৈরি হোন। এবার আমরা আমাদের অধিকার বুঝে নেব।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দিল্লি গিয়ে আমরা প্রধানমন্ত্রীকে ঘিরে বসে থাকব। বলব সিপিএমের পাপের টাকা আমরা দেব না, দেব না। সিপিএমের দেনা সিপিএমের সম্পত্তি বিক্রি করে শোধ করা হোক।’ এ সময় তিনি কংগ্রেস-বিজেপি-বামদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করারও ডাক দেন।