সিপিসির নতুন কমিটি নির্বাচন আজ
চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির (সিপিসি) সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির একটি খসড়া তালিকা গতকাল মঙ্গলবার পেশ করা হয়েছে। ওই তালিকার মধ্য থেকে আজ বুধবার নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। কঠোর গোপনীয়তার মধ্যে বেইজিংয়ের গ্রেট হলে সিপিসির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সিপিসির কেন্দ্রীয় কমিটিতে প্রতি ১০০ আসনের বিপরীতে ১০৮ জন প্রার্থী রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।এবারের সম্মেলনের মধ্য দিয়ে চীনের একদলীয় শাসনব্যবস্থায় সম্ভবত কিছুটা গণতান্ত্রিক বৈশিষ্ট্য আনার চেষ্টা করা হচ্ছে।সম্মেলনে সভাপতির উপস্থিতিতে সম্ভাব্য নতুন নেতা শি জিনপিং ওই খসড়া তালিকা পেশ করেন। ওই তালিকা থেকে প্রায় ২০০ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হবে। এরপর নতুন ওই কমিটির সদস্যরা ২৫ সদস্যের পলিটব্যুরো ও পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি নির্বাচন করবেন। পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে বর্তমানে নয়জন সদস্য রয়েছেন। এ ছাড়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগ তদন্তের জন্য সিপিসির একটি শৃঙ্খলা কমিটিও গঠন করা হবে। অন্যদিকে, ২৩ লাখ সদস্যের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির তত্ত্বাবধানের জন্য গঠন করা হবে সেন্ট্রাল মিলিটারি কমিশন। ওয়াশিংটন পোস্ট।