সিবিআইয়ের মুখোমুখি হতে সময় চাইলেন ভি কে সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিং তাঁকে ঘুষ দেওয়ার প্রস্তাবের বিষয়ে তদন্ত কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছে আরও সময় চেয়েছেন। সংবাদমাধ্যমে গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশিত হয়। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান লে. জেনারেল (অব.) তেজিন্দর সিংকে ওই কেলেঙ্কারির জন্য দায়ী করেছেন ভি কে সিং। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীর জন্য ‘নিম্নমানের’ ট্রাক কেনার ছাড়পত্র দিতে ২০১০ সালের আগস্টে তাঁকে ১৪ কোটি রুপি ঘুষ দিতে চেয়েছিলেন তেজিন্দর সিং।ঘটনার ১৮ মাস পর ঘুষ দেওয়ার প্রস্তাবের বিষয়টি প্রকাশের কারণ ব্যাখ্যা করেছেন ভি কে সিং। তবে তিনি কেন এ ব্যাপারে তেজিন্দরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, তা তাঁর বিবৃতিতে স্পষ্ট হয়নি। সেনাপ্রধান বলেন, ঘুষের প্রস্তাব দেওয়ার ব্যাপারটি প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির গোচরে আনার পর বিভাগীয় ব্যবস্থা হিসেবে তেজিন্দরের ওপর ‘সতর্ক নজরদারির’ উদ্যোগ নেওয়া হয়।ভারত সরকারের সঙ্গে সেনাপ্রধান ভি কে সিংয়ের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। তাঁর জন্মতারিখ নিয়ে প্রথমে বিতর্ক শুরু হয়। পরে তাঁর লেখা একটি গোপন চিঠি ফাঁস হলে নতুন করে টানাপোড়েন শুরু হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা ওই চিঠিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দুর্বল দিক তুলে ধরা হয়েছিল। হিন্দুস্তান টাইমস।