সিমোন বাগবোকে গ্রেপ্তারে আইসিসির পরোয়ানা জারি
আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরাঁ বাগবোর স্ত্রী সিমোন বাগবোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হলো।লরাঁ বাগবোর বিরুদ্ধে আগেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগে শিগগিরই হেগের আদালতে তাঁর বিচার শুরু হবে।২০১০ সালের নির্বাচনে প্রতিপক্ষের প্রার্থী আলসানে ওয়াত্তারার কাছে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান বাগবো। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে। এতে নিহত হয় অন্তত তিন হাজার লোক। নির্বাচনের পাঁচ মাস পর ২০১১ সালের এপ্রিল মাসে বাগবো দম্পতিকে রাজধানী আবিদজানে তাঁদের বাসভবনের একটি বাংকার থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে দেশটিতে জাতিসংঘ ও ফরাসি সেনা-সমর্থিত এক সেনা অভ্যুত্থান ঘটে।লরাঁ বাগবোকে এক বছর আগে হেগের আদালতে হস্তান্তর করা হয়। আইসিসিতে কোনো দেশের সাবেক প্রধানকে বিচারের মুখোমুখি করার ঘটনা এটাই প্রথম। এর আগে এই দম্পতিকে লুটপাট, সশস্ত্র ডাকাতি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে নিজ দেশে অভিযুক্ত করা হয়।আইসিসি গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সিমোন বাগবোর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি।