সিরিয়া নিয়ে ওবামার সংকট

সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী উভয় পক্ষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে সম্প্রতি। ভয়াবহ এ ধরনের অস্ত্রের প্রয়োগ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। বলাবলি হচ্ছে, সিরিয়ায় বহির্বিশ্বের (মূলত মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের) হস্তক্ষেপ ত্বরান্বিত করতে পারে এ ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, সত্যিই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে সিরিয়া নিয়ে হিসাবনিকাশ পাল্টে যাবে। ইরাক ও আফগানিস্তানের স্মৃতি মাথায় আছে বলে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে অবশ্য তাড়াহুড়া করতে চান না ওবামা। কিন্তু কংগ্রেসের কোনো কোনো ‘যুদ্ধবাজ’ নেতা সিরিয়ায় অভিযান চালানোর জন্য প্রেসিডেন্টকে চাপ দিয়ে আসছেন।
ওবামা আভাস দিয়েছেন, সুস্পষ্ট প্রমাণ ছাড়া সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার পক্ষপাতী নন তিনি। জনমত জরিপে দেখা গেছে, সিরিয়ায় বড় ধরনের হামলা চালানোর ব্যাপারে মার্কিন জনগণের মধ্যেও তেমন উৎসাহ নেই। ওবামা জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সিরিয়া বিষয়ে কয়েক ধরনের বিকল্প নিয়ে প্রস্তুতি নিচ্ছে।
সিরিয়া নিয়ে কী করা যেতে পারে, কয়েক মাস ধরেই আন্তর্জাতিক অঙ্গনে তা নিয়ে বিতর্ক চলছে। কেউ কেউ শক্তি প্রয়োগ করে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে যুদ্ধ বন্ধের চেষ্টা করার পরামর্শ দিয়েছেন। আবার অন্যরা বলছেন, বিষয়টি অত সরল নয়। সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে যে অন্তর্কলহ রয়েছে, তাও পুরো বিষয়টিকে অনিশ্চিত করে তুলেছে। এর পরও নিরন্তর রক্তক্ষয় ঠেকাতে কোনো একধরনের হস্তক্ষেপের পক্ষে যুক্তি ক্রমে জোরালো হচ্ছে। রাসায়নিক অস্ত্রের ব্যবহারের খবরে চাপ আরও বেড়েছে। কারণ, ভয়টা শুধু সিরিয়ার অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা নিয়ে নয় (সেখানে মৃত্যু এখন ডালভাত), রাসায়নিক অস্ত্র কোনো জিহাদি দলের হাতে পড়লে কী হবে, তা নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে প্রভাবশালী পশ্চিমা দেশগুলোতে।
সিরিয়ায় হস্তক্ষেপ যদি করাই হয়, ওবামা সরকার কোন পথে এগোবে? বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা হবে অন্যতম উদ্যোগ। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইতিমধ্যেই হালকা ধরনের অস্ত্র দিচ্ছে তাদের। যুক্তরাষ্ট্র যদি ট্যাংক-বিধ্বংসী ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র-সরঞ্জাম আর উন্নত প্রশিক্ষণ ও যোগাযোগ উপকরণ দেয়, তাহলে একটা সময়ে গিয়ে হয়তো যুদ্ধক্ষেত্রের ভারসাম্য পাল্টে যাবে।
আলাদা ও বিক্ষিপ্তভাবে লড়াইরত বিদ্রোহী যোদ্ধাদের প্রশিক্ষণ ও সমন্বয়ের জন্য মার্কিন বিশেষ বাহিনীকে কাজে লাগানো হতে পারে।
মার্কিন নাগরিকদের জীবন বাঁচানোর দিক থেকে চিন্তা করলে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। তবে এতে করে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নষ্ট হতে পারে। আর স্বল্পমেয়াদে এটি লড়াই ও ভোগান্তি আরও বাড়িয়েও দিতে পারে।
রাসায়নিক অস্ত্র ব্যবহার থেকে সিরীয় সরকারকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র শুধু আকাশপথে হামলার কথা বিবেচনা করতে পারে। যুদ্ধবিমান ছাড়াও ক্ষেপণাস্ত্র ছোড়া যেতে পারে ভূমধ্যসাগরে মোতায়েন রণতরি বা ডুবোজাহাজ থেকেও। এ পদ্ধতিতেও ঝুঁকি কম, তবে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে খুব সতর্কতার প্রয়োজন হবে।
যুক্তরাষ্ট্রের হাতে আরেকটি বিকল্প হচ্ছে ইরাক বা লিবিয়ায় হামলার মতো কায়দায় ব্যাপক বিমান হামলা। কিন্তু দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থার বিষয়টিও মাথায় রাখতে হবে পশ্চিমাদের।
সিরিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা লিবিয়ার চেয়ে অনেক উন্নত। দেশটি রাশিয়ার কাছ থেকে এসএ-২২ পান্তসির-এস১ ও এসএ-২৬-এর মতো আধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কিনেছে। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষার সার্বিকভাবে কতটা অক্ষত আছে তা স্পষ্ট নয়।
সামরিক বিশেষজ্ঞ শ্যন ও’কনর সিরিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে সার্বিকভাবে তেমন জুতের মনে করেন না। তাঁর মতে, সোভিয়েত আমলের (তার মানোন্নয়ন করা হয়ে থাকলেও) ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর নির্ভরশীলতা সিরিয়াকে বেশ অসুবিধাজনক অবস্থায়ই ফেলবে। এখনকার অত্যাধুনিক নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রসজ্জিত কোনো বিমানবাহিনীর হামলার মুখে উল্লেখ করার মতো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না দেশটি।
স্পষ্টতই এ পর্যন্ত সবচেয়ে কম সম্ভাবনার পথটি হচ্ছে সরাসরি মার্কিন স্থলবাহিনীর অভিযান। সিরিয়া নিয়ে পাশ্চাত্য তথা আন্তর্জাতিক বিশ্ব যে উদ্যোগই নিতে চেষ্টা করুক তাতে কোনো না-কোনো ঝুঁকি থাকবে। কিন্তু রাজনৈতিক সমাধানের পথে দীর্ঘদিনেও তেমন অগ্রগতি না হওয়ায় রাসায়নিক অস্ত্র ইস্যু নিয়ে উদ্বেগ প্রায় বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো সন্দেহ নেই, প্রেসিডেন্ট ওবামাকে এ ব্যাপারে খুব কঠিন পথে হাঁটতে হবে।