সিরিয়া নিয়ে মুখোমুখি হবেন ওবামা-পুতিন
উত্তর আয়ারল্যান্ডে জি-৮ সম্মেলনের ফাঁকে আজ সোমবার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদের আলোচনায় সিরিয়া প্রসঙ্গ গুরুত্ব পাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার সবচেয়ে শক্তিশালী ও ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। তাই সিরিয়ায় প্রায় দুই বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধ অবসানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আলোচনার টেবিলে আনতে ক্রেমলিনের সহায়তা চাইবে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে—এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। ‘নিউইয়র্ক টাইমস’ বলেছে, সিরিয়ার বিদ্রোহীদের কাছে যুক্তরাষ্ট্র আপাতত যেসব অস্ত্র পাঠাচ্ছে তার মধ্যে থাকবে হালকা অস্ত্র, গুলি ও ট্যাংকবিধ্বংসী অস্ত্র। এ ছাড়া জর্ডানে রাখা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও এফ-১৬ জঙ্গি বিমান দিয়ে সিরিয়ার অভ্যন্তরে ‘উড্ডয়ননিষিদ্ধ এলাকা’ বলবত্ পরিকল্পনার কথাও জানিয়েছে ওয়াশিংটন।
সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়ার যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে, তার কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও রাশিয়া। রাশিয়া বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ বিশ্বাসযোগ্য নয় এবং দেশটির অভ্যন্তরে ‘উড্ডয়ননিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠার চেষ্টা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সিরিয়া বিষয়ে ওয়াশিংটন-ক্রেমলিনের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে দুই দেশের শীর্ষ নেতা আজ উত্তর আয়ারল্যান্ডে জি-৮ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হবেন। চলতি বছর ওবামা ও পুতিনের মধ্যে এটাই প্রথম মুখোমুখি সাক্ষাত্। এ সময় সিরিয়া-সংকট সমাধানে পুতিনের সঙ্গে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন ওবামা।
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে চলতি বছরের এপ্রিল পর্যন্ত কমপক্ষে ৯৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে রয়েছে অন্তত সাড়ে ছয় হাজার শিশু। জাতিসংঘের এক প্রতিবেদনে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে সিরিয়ার গৃহযুদ্ধের ভয়াবহতা মারাত্মকভাবে বেড়েছে।