শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮-এর দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিন গতকাল মঙ্গলবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিরিয়া। জোটের অন্য সব সদস্যদেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পক্ষে মত দিলেও রাশিয়া আসাদের পক্ষে অনড় ছিল। আসাদ ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে না পারলেও বলা হচ্ছিল, দেশগুলো যৌথ ইশতেহার ঘোষণার ব্যাপারে একমত হওয়ার কাছাকাছি।
সম্মেলনে অংশ নেওয়া অন্তত দুটি দেশের কর্মকর্তারা গতকাল এএফপিকে বলেন, সম্মেলন-উত্তর ইশতেহারের সুনির্দিষ্ট বিষয় নির্ধারণে একমত হতে সদস্যদেশগুলো চেষ্টা করে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, সিরিয়া নিয়ে জেনেভায় শান্তি বৈঠক চূড়ান্ত ও সিরিয়ায় মানবিক সহায়তা পাঠানোর মতো বিষয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতানৈক্য কম। এ কারণে এই বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব পাবে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী সিরীয়দের ওপর স্নায়ু গ্যাস ব্যবহার করেছে বলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স অভিযোগ করলে প্রেসিডেন্ট পুতিন সে অভিযোগ উড়িয়ে দেন। জি-৮-এর সাতটি দেশই আসাদের উৎখাতের পক্ষে মত দিলেও পুতিন বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করার সঠিক সময় আসেনি। এ মুহূর্তে তাঁর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গেলে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়বে।
সূত্র বলেছে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পুতিনের যে আলোচনা হয়েছে তাতে তাঁরা সিরিয়া বিষয়ে একমত হতে পারেননি।
কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর জন্য রাশিয়াকে বোঝাতে চেষ্টা চালিয়ে যাবে সদস্যদেশগুলো। তবে শেষ পর্যন্ত তা সম্ভব না হলে রাশিয়াকে বাদ দিয়েই সম্মেলনের ইশতেহার ঘোষণা করা হতে পারে।
প্রেসিডেন্ট আসাদের বাহিনী যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে—এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়ার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও রাশিয়া। এএফপি ও রয়টার্স।