সিরিয়া নিরস্ত্রীকরণে রুশ-মার্কিন মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভায় এক সংবাদ সম্মেলনে সিরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে দুদেশের মতৈক্যের ঘোষণা দিয়ে করমর্দন করছেন। ছবি: রয়টার্স
রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভায় এক সংবাদ সম্মেলনে সিরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে দুদেশের মতৈক্যের ঘোষণা দিয়ে করমর্দন করছেন। ছবি: রয়টার্স

সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে চুক্তিবদ্ধ হতে একমত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বরাত দিয়ে রয়টার্স আজ শনিবার জানায়, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করতে পরাশক্তিধর রাষ্ট্র দুটি একমত হয়েছে।

রয়টার্স আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের নেতৃত্বে একটি রুশ কূটনৈতিক দলের সঙ্গে মার্কিন দলের তিন দিনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।

কেরি আজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, এ চুক্তি অনুযায়ী সিরিয়া এক সপ্তাহের মধ্যে তার হাতে থাকা রাসায়নিক অস্ত্রের বিস্তারিত তালিকা জনসম্মুখে প্রকাশ করবে।

লাভরভের সঙ্গে ওই যৌথ সংবাদ সম্মেলনে কেরি আরও বলেন, নভেম্বর পর্যন্ত জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সিরিয়ায় থাকতে দিতে বাধ্য থাকবে সিরীয় সরকার। তিনি বলেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য হবে ২০১৪ সালের মাঝামাঝির মধ্যেই সিরিয়ার রাসায়নিক অস্ত্র পুরোপুরি ধ্বংস করা।

কেরি ও লাভরভ বলেন, যদি সিরিয়া চুক্তির শর্ত মেনে না চলে, তবে জাতিসংঘ সনদের সপ্তম ধারায় দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাত্ তখন সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে সামরিক হামলা পর্যন্ত সব ব্যবস্থা নেওয়া যাবে। সিরিয়াকে নিরস্ত্র করার চুক্তিটি চূড়ান্ত করার জন্য রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেরি বলেন, সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে কী করা হবে, তা এ চুক্তিতে অন্তর্ভুক্ত থাকবে না। তবে সেটি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মর্জির ওপর নির্ভর করবে। তিনি বলেন, ‘এর চেয়ে কম রূঢ় কোনো ব্যবস্থা নেওয়ার অবকাশ নেই।’

চুক্তিটি প্রসঙ্গে লাভরভ বলেন, ‘এটিতে বল প্রয়োগ বা স্বতঃকার্যকর নিষেধাজ্ঞা জারির বিষয়টি অন্তর্ভুক্ত নেই।’