সিরিয়া প্রশ্নকে সামনে রেখে শুরু হচ্ছে জি-টুয়েন্টি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (ডানে) জি টুয়েন্টি সম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে অভ্যর্থনা জানান। ছবি: রয়টার্স
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (ডানে) জি টুয়েন্টি সম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে অভ্যর্থনা জানান। ছবি: রয়টার্স

জি-টুয়েন্টি গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলোর নেতারা আজ বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হতে চলেছেন। বিবিসি বলছে, সিরিয়া পরিস্থিতি বৈঠকটির আলোচ্যসূচিতে না থাকলেও ধারণা করা হচ্ছে, বৈঠকের আলোচনার কেন্দ্রে থাকবে সিরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সিরিয়া আক্রমণের সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা শুরু করেছেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জাতিসংঘের সম্মতি ছাড়া সিরিয়ায় আক্রমণ করা হলে তার ফল ভালো হবে না।
জি-টুয়েন্টি গ্রুপের বৈঠকে বৈশ্বিক অর্থনীতি নিয়ে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে রাশিয়ায় পৌঁছেছেন।
ত্রাণকর্মীদের জন্য বিপদ 
ক্যামেরন আজ বৃহস্পতিবার বিবিসিকে বলেন, সিরিয়া পরিস্থিতি খুবই জটিল এবং দেশটি সম্ভবত ‘এ শতকের সবচেয়ে ভয়াবহ শরণার্থী-সংকট দেখতে চলেছে।’ কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ক্যামেরন সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে সিরিয়া আক্রমণের প্রস্তাব দিয়ে ভোটাভুটিতে হেরে গেছেন। ক্যামেরন বলেন, সিরিয়ার শরণার্থীদের জন্য সাহায্যের পরিমাণ বাড়ানো উচিত এবং ত্রাণকর্মীরা যাতে সত্যিকার শরণার্থীদের জন্য নির্বিঘ্নে কাজ করতে পারেন, সেজন্য সরকার ও বিদ্রোহীদের ওপরে চাপ তৈরি করা দরকার। দাতব্য চিকিত্সাপ্রতিষ্ঠান মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আজ বৃহস্পতিবার জানিয়েছে, সিরিয়ার অলেপ্পোতে কর্মরত তাঁর এক চিকিত্সককে গুলি করে হত্যা করা হয়েছে।