রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে কঠোর প্রস্তাব গ্রহণের জন্য তাঁর দেশকে চাপ দিচ্ছে। গতকাল রোববার এক সাক্ষাৎকারে লাভরভ এ অভিযোগ তোলেন।
রাশিয়ার টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। বলছে, রাশিয়া সিরিয়ার বিরুদ্ধে কঠোর প্রস্তাব গ্রহণে সমর্থন না দিলে ওয়াশিংটন রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা অর্গানাইজেশন ফর প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস-এর সঙ্গে কাজ করবে না।’
পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, সিরিয়ার ওপর শক্তি প্রয়োগ করতে জাতিসংঘের ৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োজন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের। ওই অনুচ্ছেদের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের ওপর নিষেধাজ্ঞা বা সম্ভাব্য শক্তি প্রয়োগের সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে রুশ মন্ত্রী বলেন, তারা সিরিয়ায় সরকার পরিবর্তনের জন্য এখন অন্ধের মতো কাজ করছে। সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে সৃষ্ট সংকটের সমাধান তাদের মূল উদ্দেশ্য নয়, তারা নিজের নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখতেই আগ্রহী।
সাক্ষাৎকারে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যাপারে কাজ করতে রাশিয়ার সামরিক পুলিশ পাঠানোর আগ্রহ প্রকাশ করেন সের্গেই লাভরভ।
সিরিয়ার বিষয়ে একটি প্রস্তাবের খসড়া তৈরিতে কাজ শুরু করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। ওই প্রস্তাব নিয়েই রুশ-মার্কিন টানাপোড়েন তৈরি হয়েছে।
জেনেভায় রুশ-মার্কিন মতৈক্যে গৃহীত রূপরেখা অনুযায়ী সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের তালিকা ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে তুলে দিয়েছে। অর্গানাইজেশন ফর প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস সিরিয়ার অস্ত্র ধ্বংসের দায়িত্ব পেয়েছে।
এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে রাশিয়া দূতাবাসের একটি সূত্র জানায়, গতকাল দূতাবাস চত্বরে হঠাৎ করে একটি মর্টারের গোলা এসে পড়ে। তবে কোনো সমস্যা হয়নি। দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রয়েছে। এএফপি ও রয়টার্স।