সিরিয়া সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে ইরান: ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সিরিয়ায় জিহাদিদের পরাজিত করতে ইরান ভূমিকা রাখতে পারে। গতকাল বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে যুগান্তকারী আলোচনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা বলেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে যুক্তরাজ্যের অনেক বিষয়ে মতভেদ আছে। কিন্তু তেহরানকে এই সমস্যার অংশ নয়, সমাধানের অংশ হওয়ার সুযোগ দেওয়া উচিত।
সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে সাম্প্রতিক সময়ের আলোচিত জঙ্গি সংগঠন আইএস। বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আইএসের হুমকিকে পরাজিত করতে ইরানের নেতারা সহযোগিতা করতে পারেন। একই সঙ্গে তিনি যোগ করেন, আরও স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ ইরাক ও সিরিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান সহযোগিতা করতে পারে। তারা এমনটি করতে প্রস্তুত থাকলে তাদের সংশ্লিষ্টতাকে আমাদের স্বাগত জানানো উচিত।’
ইরান শিয়াপন্থী দেশ। তারা সুন্নিপন্থী আইএস জঙ্গিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে। একই সঙ্গে ইরাকের শিয়াপন্থী নেতাদের প্রতিও ইরানের সমর্থন রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অন্য একটি গোষ্ঠীর ধর্মনিরপেক্ষ নেতা। পশ্চিমা বিশ্ব বাশারের পদত্যাগের দাবিতে সোচ্চার। ১৯৭৯ সালের পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়।