প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার বাশার আল-আসাদ সরকার জানুয়ারিতে অনুষ্ঠেয় জেনেভা শান্তি সম্মেলনে যোগ দেবে। তবে দেশটি এখনো প্রেসিডেন্ট বাশারের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পক্ষে পশ্চিমা কূটনীতিকদের দাবির বিরোধী। গতকাল বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সিরিয়া সরকারের এই অবস্থানের কথা প্রকাশ করে।
সিরিয়ায় দুই বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে আগামী ২২ জানুয়ারি জেনেভায় দ্বিতীয় পর্বের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত সোমবার এই তারিখ ঘোষণা করেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সানা এক প্রতিবেদনে বলেছে, ‘ঔপনিবেশিক যুগ শেষ হয়েছে। সিরিয়া সরকারের প্রতিনিধিদল আত্মসমর্পণের জন্য নয়, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সন্ত্রাসবাদীদের নির্মূল করার লক্ষ্য নিয়েই জেনেভা সম্মেলনে যোগ দেবে।’ এএফপি, রয়টার্স।