সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত মিশন শুরু
সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার মিশন শুরু করেছে নিরস্ত্রীকরণ দল। গতকাল মঙ্গলবার দলটি দামেস্কে পৌঁছেছে। নেদারল্যান্ডসের হেগভিত্তিক অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনসের (ওপিসিডব্লিউ) ২০ সদস্যের একটি দল গতকাল সিরিয়ার প্রতিবেশী দেশ লেবানন হয়ে দামেস্কে যায়। এর সদস্যরা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুত ধ্বংস করার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবটি পাস হয়েছে, তা বাস্তবায়নে কাজ করবেন। ২০১৪ সালের মধ্যে সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশ্বে এ ধরনের কাজ এ পর্যন্ত যেগুলো করা হয়েছে, তার মধ্যে এটাকে সবচেয়ে বড় ও ঝুঁকিপূর্ণগুলোর একটি বলে বিবেচনা করা হচ্ছে। সিরিয়ার যে রাসায়নিক অস্ত্রভান্ডার রয়েছে, তার মধ্যে এক হাজার টনের বেশি সারিন ও মাস্টার্ড গ্যাস এবং নিষিদ্ধঘোষিত অন্যান্য রাসায়নিক পদার্থ রয়েছে বলে ভাবা হয়।
এদিকে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এ মাসের শেষ নাগাদ প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। তাঁরা সিরিয়ার সাতটি স্থান পরিদর্শন সোমবার শেষ করেন। বিবিসি ও আল জাজিরা।