সিরিয়াতে খ্রিষ্টান গ্রামে বিদ্রোহীদের হামলা

সিরিয়ার পশ্চিমাঞ্চলের খ্রিষ্টান-অধ্যুষিত গ্রামে গতকাল বুধবার বিদ্রোহীরা হামলা চালিয়েছে। দ্য হিন্দু বলছে, এক খ্রিষ্টান সন্ন্যাসিনী ওই গ্রাম থেকে ফোনে জানিয়েছেন, বিদ্রোহীরা জনাকীর্ণ মালৌলা গ্রামের একটি হোটেল আক্রমণ করে। ওই নারী তাঁর নাম প্রকাশ না করতে বারবার অনুরোধ করেন। তিনি জানান, এতে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এক সিরীয় কর্মকর্তা ও সরকারবিরোধী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আল কায়েদার অনুগত আল-নুসরা ফ্রন্টের সদস্যরা মালৌলা গ্রামে হামলার জন্য দায়ী। অবজারভেটরি জানায়, একজন নুসরা সদস্য গ্রামের প্রবেশপথে স্থাপিত নিরাপত্তা চৌকির সামনে গিয়ে নিজেকে বোমায় উড়িয়ে দিয়ে হামলার সূত্রপাত ঘটায়। এরপর সেনা ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। যুক্তরাজ্যকেন্দ্রিক সংগঠন অবজারভেটরি ও খ্রিষ্টান সন্ন্যাসিনী জানান, এরপর বিদ্রোহীরা ওই চৌকিটি দখল করে নেয়, দুটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যানকে বিকল করে দেয় এবং আটজন সেনাকে দখল করে নেয়। ওই সন্ন্যাসিনী জানান, বিদ্রোহীরা সাফির হোটেলটি দখল করে নেয়। কৌশলগত কারণে হোটেলটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটির ছাদ থেকে পুরো গ্রামের ওপর চোখ রাখা যায়। বিদ্রোহীরা হোটেলটি দখল করে নেওয়ার পর সেটি থেকে গ্রামের সাধারণ মানুষজনের বাড়িঘর লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে। সন্ন্যাসিনী বলেন, ‘সে যেন এক যুদ্ধ। সেই সকাল ছয়টা থেকে তারা হামলা শুরু করেছে।’ হামলায় এখন পর্যন্ত কতজন সাধারণ মানুষ হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওই সন্ন্যাসিনী যে খ্রিষ্টীয় মঠে থাকেন, সেখানে গ্রামের প্রায় ৮০ জন মানুষ আশ্রয় নিয়েছে। ওই মঠে আগে থেকে ১৩ জন সন্ন্যাসিনী ও ২৭ জন এতিম শিশু থাকে।
এক সিরীয় কর্মকর্তা হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি যোদ্ধারা বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। দামেস্ক থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মালৌলা গ্রামটিতে প্রায় দুই হাজার মানুষের বাস। এসব গ্রামবাসীর ভাষা অ্যারামাইক। এটি এক আদি ভাষা। ধারণা করা হয়, যখন বাইবেল নাজিল হয়, তখন যিশু স্বয়ং এ ভাষায় কথা বলতেন। চার দশক ধরে সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত থাকা আসাদ পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো দেশটির সংখ্যালঘুদের মধ্যে এ পরিবারটির জোরালো সমর্থনের উপস্থিতি। দেশটির খ্রিষ্টান, শিয়া মুসলমান ও কুর্দিদের অধিকাংশই আসাদের সমর্থক।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার আলাউইত গোষ্ঠীর অন্তর্গত। এরা শিয়া ধর্মাবলম্বী। দেশটির সরকারবিরোধী সবগুলো গোষ্ঠী সুন্নি ধর্মাবলম্বী।
দামেস্কে লড়াই এদিকে দামেস্কের এক শরীরচর্চা কেন্দ্রে আজ বৃহস্পতিবার বিদ্রোহীদের মর্টার হামলায় ২৭ বছর বয়সী এক খেলোয়াড় নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন সানা বলছে, ওই খেলোয়াড়ের নাম মোহাম্মদ আলি নেইমেহ। আসছে সপ্তাহে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ইসলামিক সংহতি টুর্নামেন্টে তায়কোয়ানদো বা মার্শাল আর্ট প্রতিযোগিতায় তাঁর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য তিনি আজ অনুশীলনে ব্যস্ত ছিলেন। দামেস্কের উপকণ্ঠে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ের খবর মিলেছে। এক ভিডিওচিত্রে দেখা গেছে, দরিয়া এলাকায় কয়েকজন বিদ্রোহী সেনাদের লক্ষ্য করে ভারী রাইফেল থেকে গোলা ছুড়ছে।