সিরিয়া বলেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে যে ‘আন্তর্জাতিক চক্রান্ত’ চলছে, মিসর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মিসরি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এই সিদ্ধান্তকে ‘দায়িত্বহীন’ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে সিরিয়া।
মিসরের প্রেসিডেন্ট মুরসি দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে সিরিয়ার অভ্যন্তরে ‘উড্ডয়ননিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠার আহ্বান জানানোর পর সিরিয়া গতকাল রোববার এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।
কায়রোতে গত শনিবার সুন্নি মুসলিমদের ধর্মীয় নেতাদের ডাকা সমাবেশে দেওয়া ভাষণে মুরসি দামেস্ক থেকে মিসরের কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে মুরসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সিরিয়ার অভ্যন্তরে ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠার আহ্বান জানান। সিরিয়ার একজন কর্মকর্তা বলেন, ‘সিরীয় আরব প্রজাতন্ত্র এই দায়িত্বহীন অবস্থানের নিন্দা জানাচ্ছে।...সিরিয়ার বিশ্বাস, মুরসির এই ঘোষণার সঙ্গে সাধারণ মিসরীয়রা একমত নন।’ এএফপি ও রয়টার্স।