সিরিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল প্রতিষ্ঠা করলে যুদ্ধ ছড়িয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিদায়ী সেনাপ্রধান ডেভিড রিচার্ডস হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সিরিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল ঘোষণার পদক্ষেপ নিলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। গতকাল বৃহস্পতিবার ডেইলি টেলিগ্রাফ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তা দেওয়া আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে অগ্রভাগে রয়েছে যুক্তরাজ্য। দেশটি সিরিয়ায় সরকারি পক্ষের রাসায়নিক হামলা মোকাবিলা করার জন্য বিদ্রোহীদের সব ধরনের সরঞ্জাম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সাক্ষাৎকারে সেনাপ্রধান ডেভিড রিচার্ডস (৬১) বলেন, ‘কেউ কেউ সিরিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার প্রস্তাব দিয়ে আসছেন বটে, কিন্তু দেশটিতে চলা সংঘাত বন্ধে তা হিতে বিপরীত হবে। লিবিয়ায় আমরা যেমন সাফল্যের সঙ্গে ভূমিতে আক্রমণ চালিয়েছিলাম, সিরিয়ায়ও তেমন কৌশল হাতে নিতে হবে। তাদের আকাশ-প্রতিরক্ষার ক্ষমতা ধ্বংস করতে হবে।’ রিচার্ডস এও বলেন, আন্তর্জাতিক ঐক্যের অভাব এবং সিরিয়ায় বিদ্রোহীরা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে সামরিক সমাধানে পৌঁছানো কঠিন। সেনা কর্মকর্তা রিচার্ডস গতকালই ৪০ বছরের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। এএফপি।