সিরিয়ায় এখনই অভিযান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতার কারণে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের উদ্যোগ থেকে সাময়িকভাবে পিছিয়ে এসেছে। যুক্তরাজ্যে উত্থাপিত প্রস্তাব নিয়েও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত হয়নি।

গত বুধবার কার্যত রাশিয়ার বিরোধিতার কারণে সংক্ষিপ্ত আলোচনার পর সভা মুলতবি হয়ে যায়। এর আগে ওবামা প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বৃহস্পতিবারের পর যেকোনো সময় সিরিয়ায় অভিযান চালানো হতে পারে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশই আইনপ্রণেতাদের মধ্য থেকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে, এর পটভূমিতে এ বিষয়ে আটলান্টিকের উভয় তীরে প্রশাসন চাপের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকার বোয়েনার এবং প্রায় জনা পঞ্চাশেক আইনপ্রণেতা সিরিয়ায় সম্ভাব্য অভিযানের লক্ষ্য ও আইনগত অবস্থানের ব্যাখ্যা দাবি করেছেন। এরপর রাতের বেলায় প্রেসিডেন্ট ওবামা পিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন যে তিনি এখনো সামরিক অভিযানের সিদ্ধান্ত নেননি। তবে তিনি বলেন, আসাদ সরকার যাতে আর কারও বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে না পারে, এ জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, যুক্তরাজ্যে লেবার পার্টি জাতিসংঘ তদন্ত কর্মকর্তাদের তদন্ত শেষ হওয়ার পর তাদের প্রতিবেদন পাওয়া এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো সামরিক অভিযান সমর্থন করে না। এ কথা ঘোষণার পর রাতের বেলায় ক্যামেরন সরকারও তার অবস্থান থেকে সরে আসে।

মধ্যরাতের কিছু আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক বিবৃতিতে জানান, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ব্রিটেন পার্লামেন্টে বৃহত্তর সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে আজ বৃহস্পতিবার হাউস অব কমন্সের জরুরি অধিবেশনে বিতর্কের পর কোনো ভোটাভুটি হবে না। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে নিরাপত্তা পরিষদে আলোচনার পর এমপিরা এ বিষয়ে দ্বিতীয় দফা আলোচনার পর ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এর আগে বুধবার হেগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কূটনীতির পথে সমস্যা সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে সিরিয়ায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞদের তাঁদের তদন্ত শেষ করার জন্য সময় দেওয়ারও অনুরোধ জানান।

নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিভিন্ন উদ্যোগ এর আগেও রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে অনুমোদন লাভে ব্যর্থ হয়। রাশিয়া এবারও সামরিক পদক্ষেপের বিরোধিতা করে বলেছে যে সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে এবং সে কারণে বিষয়টি প্রমাণসাপেক্ষ। একই সঙ্গে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে বৃহত্তর পরিসরে সংঘাতের জন্ম দিতে পারে—এমন আশঙ্কাও তারা প্রকাশ করেছে।