সিরিয়ায় কসোভোর মতো বিমান হামলা?
মার্কিন কর্মকর্তারা নব্বইয়ের দশকের শেষের দিকে কসোভোতে চালানো বিমান হামলার দিকে চোখ বুলিয়ে নিচ্ছেন। সিরিয়ায় জাতিসংঘের অনুমোদন ছাড়া হামলা চালাতে হলে আকাশপথের সেই যুদ্ধকে সম্ভাব্য মডেল হিসেবে বেছে নেওয়া হতে পারে। নিউইয়র্ক টাইমস গতকাল শনিবার এ খবর দিয়েছে। ১৯৯৮-৯৯ সালের সংঘাতের সময় সাবেক যুগোস্লাভিয়ার স্লোবোদান মিলোসেভিচ সরকারের বিরুদ্ধে কসোভোতে বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ ওঠে। সার্বদের পুরোনো মিত্র রাশিয়ার বিরোধিতার কারণে নিরাপত্তা পরিষদে মিলোসেভিচ সরকারের বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রস্তাব পাসের সুযোগ ছিল না। ১৯৯৯ সালের মার্চ মাসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী যুগোস্লাভিয়ার বাহিনীর ওপর বিমান হামলা শুরু করে। ওই হামলা স্থায়ী হয়েছিল ৭৮ দিন।
ওবামা প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘এটা এখনই বলা যাচ্ছে না, আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আইনি যৌক্তিকতা খোঁজার দিকে যাচ্ছি। কারণ, প্রেসিডেন্ট এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে কসোভো অবশ্যই এমন একটা নিদর্শন, যার সঙ্গে এখানে সম্ভবত সাদৃশ্য থাকবে।’ এএফপি।