সিরিয়ায় কাজ শুরু করেছেন রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস বিষয়ে জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব পাওয়া বিশেষজ্ঞরা গতকাল বৃহস্পতিবার মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। এদিকে গৃহযুদ্ধপীড়িত দেশটিতে আটকা পড়া বেসামরিক লোকজনের সহায়তায় তাদের কাছে যাওয়ার ‘বাধাহীন প্রবেশাধিকার’ চেয়েছে জাতিসংঘ।
নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস-এর (ওপিসিডব্লিউ) নিরস্ত্রীকরণবিষয়ক নয়জন বিশেষজ্ঞকে গতকাল দামেস্কে তাঁদের হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। তবে তিনটি গাড়িতে করে বের হওয়ার পর তাঁরা কোথায় যান, সেটা জানা যায়নি।
ওপিসিডব্লিউর এই বিশেষজ্ঞ দলটিতে মোট ১৯ জন সদস্য রয়েছেন। তাঁরা সিরিয়ার প্রাণঘাতী রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবটি বাস্তবায়নের বিষয় তদারক করছেন। গত ২১ আগস্ট দামেস্কের কাছের একটি এলাকায় সারিন গ্যাস হামলার ঘটনায় শত শত লোক নিহত হওয়ার ওপর নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়। ওই রাসায়নিক হামলার জের ধরেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট বাশারের সরকার সারিন ও মাস্টার্ড গ্যাসসহ এক হাজারের বেশি টন বিভিন্ন ধরনের নিষিদ্ধ গ্যাস মজুত করে রেখেছে বলে ধারণা করা হয়। ওপিসিডব্লিউর বিশেষজ্ঞ দলটির লক্ষ্য হচ্ছে, চলতি অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু নাগাদ সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদনের কেন্দ্রগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা। সংস্থাটির ইতিহাসে এই প্রথম তারা গৃহযুদ্ধপীড়িত কোনো দেশে রাসায়নিক অস্ত্র ধ্বংসের মিশন নিয়েছে।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার সিরিয়ায় আটকে পড়া বেসামরিক লোকজনদের কাছে পৌঁছাতে ‘বাধাহীন প্রবেশাধিকার’ দেওয়ার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। নিরাপত্তা পরিষদের কূটনীতিকেরা জানিয়েছেন, বিবৃতিটি বাধ্যতামূলক নয়। তবে সিরিয়ায় হতাহতের সংখ্যা ও মানবিক বিপর্যয় অব্যাহতভাবে বেড়ে চলার প্রেক্ষাপটে এটি প্রেসিডেন্ট বাশারকে একটা শক্ত বার্তা দেবে।
আল-কায়েদার অনুসারীদের শহর ছাড়ার আহ্বান: সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের ছয়টি গুরুত্বপূর্ণ ইসলামপন্থী সংগঠন গতকাল একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে তুরস্ক-সীমান্তবর্তী সিরীয় শহর আজাজ থেকে আল-কায়েদার অনুসারী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দি লিভান্ট-এর (আইএসআইএল) যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আইএসআইএল বর্তমানে বিদ্রোহীদের অধিকৃত এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এএফপি।