সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) জানিয়েছে, সিরিয়ার সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শনের কাজ তারা প্রায় অর্ধেক শেষ করে ফেলেছে।
ওপিসিডব্লিউর সিরিয়ায় পরিচালিত কার্যক্রমের রাজনৈতিক উপদেষ্টা মালিক এলাহি বলেন, ‘আমরা হাতে পাওয়া তালিকা অনুযায়ী সিরিয়ার প্রায় ৫০ শতাংশ স্থাপনা পরিদর্শনের কাজ শেষ করে ফেলেছি।’ এলাহি জানান, অগ্রগতি সত্ত্বেও নিরাপত্তা-সংক্রান্ত সংশয় রয়ে গেছে। রাজধানী দামেস্কের যে হোটেলে পরিদর্শক দল অবস্থান করছে, তার আশপাশে মর্টার ও গাড়িবোমা হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, গত কয়েক দিনে বেশি কিছু ঘটনা ঘটেছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রুশ ও মার্কিন ঐকমত্যের সুবাদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র চিহ্নিত করে তা ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছে ওপিসিডব্লিউকে। এর মাধ্যমে অন্তত সাময়িকভাবে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের শাস্তিমূলক হামলা ঠেকানো সম্ভব হয়েছে।
আলোচনার ব্যাপারে আশাবাদ: এদিকে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হলেও আগামী মাসে জেনেভায় অনুষ্ঠেয় শান্তি সম্মেলনের আয়োজন সম্ভব বলে মনে করে বাশার সরকার।
রাশিয়ার রাজধানী মস্কোয় সিরিয়ার উপপ্রধানমন্ত্রী কাদির জামিল বলেন, ‘প্রস্তাবিত শান্তি সম্মেলন আগামী ২৩-২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। আমরা জেনেভা-২ আলোচনার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, জাতীয় দায়িত্ব পালনের সময় মেজর জেনারেল জামা জামা ‘শহীদ’ হয়েছেন।
প্রস্তাবিত শান্তি সম্মেলন সম্পর্কে মার্কিন বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘আগামী মঙ্গলবার আমি লন্ডনে বিদ্রোহীদের সমর্থন দেওয়া সংগঠন ফ্রেন্ডস অব সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় বসব।’
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি জানিয়েছিলেন, জেনেভা-২ আলোচনার তারিখ চূড়ান্ত করবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এএফপি।