সিরিয়ায় পৌঁছেছেন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শকেরা

সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিরীক্ষা করতে জাতিসংঘের এক দল রাসায়নিক অস্ত্র পরিদর্শক আজ রোববার দামেস্কে পৌঁছেছেন।
রয়টার্স জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী ও সরকারবিরোধীরা পরস্পরকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দোষে অভিযুক্ত করে আসছে।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। ওয়াশিংটন গত জুনে জানিয়েছিল, তাদের ধারণা সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। এরপর গত জুলাই মাসে মস্কো ঘোষণা করেছিল, সরকারবিরোধীরা মার্চ মাসে আলেপ্পোর সরকার-সমর্থক সাধারণ মানুষের ওপর বিষাক্ত সারিন গ্যাস ব্যবহার করেছিল। সারিন গ্যাসকে রাসায়নিক অস্ত্রের মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এর আগে জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শক দলের এক সদস্য বিবিসিকে জানিয়েছিলেন, সম্ভবত বিদ্রোহীরাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তবে সিদ্ধান্ত জানানোর জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা দরকার।
তবে জাতিসংঘের যে দলটি সিরিয়ায় গেছে, সেটির প্রধান লক্ষ্য হলো সিরিয়ার গৃহযুদ্ধে সারিনসহ অন্যান্য স্নায়ুবিনাশী রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে কি না, তা খুঁজে বের করা। কোন পক্ষ এসব অস্ত্র ব্যবহার করেছে, তা নির্ধারণ করা এ দলটির লক্ষ্য নয়।
২০ সদস্যের দলটি দামেস্কের একটি হোটেলে উঠেছে, তবে তাঁরা করণীয় বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।
সুইডিস বিজ্ঞানী ওকে সেলসট্রমের নেতৃত্বাধীন দলটিতে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) সদস্যরাও আছেন। এ দলটির গত এপ্রিল থেকে সিরিয়ায় যাওয়ার কথা। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বারবার পিছিয়ে যায় দলটির সময়সূচি।
বিশ্বের যে সাতটি দেশ রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তিতে স্বাক্ষর করেনি, সিরিয়া সেগুলোর অন্যতম। পশ্চিমা দেশগুলোর ধারণা, সিরিয়ার কাছে বিপুল মাস্টার্ড ও সারিন গ্যাস এবং ভি-সিরিজের স্নায়ুবিনাশী পদার্থ (মিথাইল ফসফোনথিওনেট) মজুদ আছে।