সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের বৈধতা আছে কি?

কোনো দেশের অভ্যন্তরে বিদেশি বাহিনীর সশস্ত্র হস্তক্ষেপের বৈধতা দিতে পারে, এমন কোনো আন্তর্জাতিক আদালত নেই। তবে সামরিক হস্তক্ষেপ-সংক্রান্ত বিষয়ে মানবিক বিবেচনার ভিত্তিতে রেসপনসিবিলিটি টু প্রটেক্ট (আরটুপি) নামে একটি আইনি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৯০-এর দশকে কসোভো ও রুয়ান্ডায় মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আরটুপির জন্ম হয়েছে। অধিকাংশ দেশে এটি গৃহীত হয়েছে।
আরটুপিতে তিনটি প্রধান উপাদান রয়েছে। জনগণকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ থেকে রক্ষা করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। একই সঙ্গে, এ ধরনের অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতা রয়েছে। এ ধরনের অপরাধ ব্যাপকভাবে সংঘটিত হওয়ার জোরালো প্রমাণ থাকলে এবং রাষ্ট্র সেগুলো বন্ধ করতে না পারলে আন্তর্জাতিক সম্প্রদায়কেই শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সব ধরনের উদ্যোগ ব্যর্থ হলে নৃশংসতার অবসান ঘটানোর প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায় সামরিক শক্তি প্রয়োগ করতে পারে।
আরটুপিতে বেশ কয়েকটি রক্ষাকবচের উল্লেখ রয়েছে:
চলমান হত্যাযজ্ঞ বা নৃশংস ঘটনার শক্তিশালী প্রমাণ থাকতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় কূটনীতি ও অবরোধের মতো শান্তিপূর্ণ পদক্ষেপ অবশ্যই থাকতে হবে। বিদেশি বাহিনীকে ব্যবহারের লক্ষ্য হতে হবে অরাজকতার অবসান ঘটানো এবং বেসামরিক জনগণকে রক্ষা করা।
আইনজীবী ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সব ধরনের মানদণ্ড যাচাই করে দেখার পর কেবল সীমিত আকারে ও সুনির্দিষ্ট উদ্দেশ্যে সামরিক বাহিনীকে ব্যবহারই আরটুপির অধীন আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধতা পাবে। বিবিসি।