সিরিয়ায় বিশ্ব মানবতা হারিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিশ্ব মানবতা ‘হারিয়ে গেছে’। সাগরে ডুবে শিশুমৃত্যুর ঘটনাই বিশ্বের সামনে তা তুলে ধরেছে। শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই গত শুক্রবার এসব কথা বলেন। খবর এএফপির।
জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে মালালা বলেন, ‘আমরা সেদিনই মানবতা হারিয়ে ফেলেছি যখন...একটি শিশুকে কোথাও স্বাগত জানানো হয় না। যাদের বেশি করে সাহায্য এবং বেঁচে থাকার প্রয়োজন, তাদের জন্য মানুষের হৃদয় এবং ভূখণ্ড উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।’
এর আগে মালালা জাতিসংঘের সম্মেলনকক্ষের বারান্দায় ১৯৩টি দেশের শিশু প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেন। প্রতিটি শিশু যেন নিরাপদ, অবাধ ও মানসম্পন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জনের সুযোগ পায়—সেই আবেদন জানিয়ে তিনি বলেন: শিক্ষাই আশা। শিক্ষাই শান্তি।
জাতিসংঘের নতুন উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫ বছরে চরম দারিদ্র্যের অবসান ঘটানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যান মালালা।