সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্তের অনুমতি পেয়েছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার গৃহযুদ্ধে নিহত লোকজনকে গত বৃহস্পতিবার গণকবর দেওয়া হয়। ছবি: দ্য গার্ডিয়ান
সিরিয়ার গৃহযুদ্ধে নিহত লোকজনকে গত বৃহস্পতিবার গণকবর দেওয়া হয়। ছবি: দ্য গার্ডিয়ান

সিরিয়ার যেসব স্থানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এসেছে সেগুলোতে জাতিসংঘের একটি পর্যবেক্ষক দলকে তদন্ত চালানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ রোববার বলা হয়, গত সপ্তাহে বিদ্রোহীরা সেনাবাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনার পরিপ্রেক্ষিতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এ জন্য জাতিসংঘের সঙ্গে সরকারের একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, দামেস্কের উপকণ্ঠে কয়েকটি এলাকায় গত ২১ আগস্ট চালানো রাসায়নিক বোমা হামলার ঘটনার তদন্ত কবে থেকে ও কোন সময়ে শুরু হবে, তা নির্ধারণের জন্য জাতিসংঘের সঙ্গে আলাপ করছে সরকার।

সরকারবিরোধী বিদ্রোহীরা বলছে, ওই হামলা চালানোর দায় সেনাবাহিনীর এবং তাতে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে হামলা বা হতাহতের খবরের সত্যতা যাচাই করা যায়নি।

‘দ্য গার্ডিয়ান’ বলছে, চুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তদন্তকাজ সঠিক ও যথাসময়ে শুরু হবে কি না, তা বোঝা যাচ্ছে না। স্নায়ুবিনাশী গ্যাস বিষয়ে দক্ষ বিজ্ঞানীরা বলছেন, সারিনের মতো স্নায়ুবিনাশী গ্যাস ব্যবহারের ৩০ মিনিটের মধ্যেই উবে যায়। আর এক সপ্তাহ পর সারিনের প্রভাব বা অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। তদন্তের জন্য যে নমুনা সংগ্রহের প্রয়োজন হয়, তা-ও এক সপ্তাহ পর পাওয়া যায় না। এদিকে হামলার ঘটনার পর প্রায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল শনিবার সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক হামলাসহ বিভিন্ন ব্যবস্থা নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পর সিরিয়ার সরকার আজকের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতীয়মান হয়। ওবামা ও ক্যামেরন বলছেন, সাধারণ নাগরিকদের ওপর রাসায়নিক বোমা হামলার ঘটনার মধ্য দিয়ে সিরিয়ার গৃহযুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এর জন্য ‘গুরুতর পদক্ষেপ নেওয়া অপরিহার্য’।

বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সিরিয়া পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার ফোনে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন।