সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্ত চায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়টার্স।
রয়টার্স।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ার চলমান গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার মানবতাবিরোধী অপরাধ, যার পরিণতি হবে মারাত্মক। এ বিষয়ে জাতিসংঘের পরিদর্শক দলকে তদন্ত করতে অনুমতি দিতে সিরিয়ার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক বিবৃতিতে বান কি মুন এসব কথা বলেন। ‘টাইমস অব ইন্ডিয়া’ ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
বান কি মুন বলেন, যেকোনো স্থানে, যে কারও ওপর, যেকোনো পরিস্থিতিতেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হোক না কেন, তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের মানবতাবিরোধী অপরাধীর পরিণতি হবে ভয়াবহ।
বাশারবিরোধী বিদ্রোহীরা অভিযোগ করেছে, গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে সেনাবাহিনী রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে। এতে এক হাজার ৩০০ জন নিহত হয়। সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এ অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের কাছে কয়েকজন স্বাধীন ফটোসাংবাদিকদের পাঠানো ছবিতে দেখা গেছে অনেক লাশ মেঝেতে পড়ে আছে। এসব লাশের গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই। কারও কারও নাক-মুখ থেকে ফেনা বের হতে দেখা গেছে।

সিরিয়া সরকারের দাবি, রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হতাহতের ঘটনাটি বানোয়াট।

ওবামা প্রশাসন বলেছে, তারা এ মৃত্যুর খবরে ‘আতঙ্কিত’। তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে।

সিরিয়ার ওপর শক্তি প্রয়োগের পক্ষে অবস্থান নিয়েছে  ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল বলেছেন, বাশার আল-আসাদ সরকার নিজের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে প্রমাণিত হলে ‘শক্তি প্রয়োগের’ প্রয়োজন হতে পারে।

এদিকে, সিরিয়ার ওপর শক্তি প্রয়োগের বিষয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, বিরোধীরা ওই এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে আসাদ সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এ বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে দেশটি।

সিরিয়া প্রসঙ্গে ঐকমত্যে আসতে আগামী বুধবার নেদারল্যান্ডের হেগ শহরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের আলোচনায় বসার কথা।

লাখো সিরীয় শিশু মাতৃভূমি ছেড়েছে

সিরিয়ায় প্রায় দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ শিশু সিরিয়া ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্যমতে, আজ শুক্রবার এ সংখ্যা ১০ লাখে পৌঁছাবে। খবর রয়টার্সের।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও শিশুবিষয়ক তহবিল সংস্থা ইউনিসেফ জানায়, সিরিয়ায় আরও ২০ লাখ শিশু দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়েছে। এদের অনেকেই হামলার শিকার হয়েছে। অনেক শিশুকে যুদ্ধে ব্যবহার করা হয়েছে, যা মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্টনি লেক জানান, গৃহযুদ্ধে এ পর্যন্ত সাত হাজার শিশু প্রাণ হারিয়েছে। এক লাখ শিশু যুদ্ধের বিভীষিকার শিকার হয়েছে। তিনি জানান, এই শিশুদের রক্ষায় বিশ্বসম্প্রদায় ব্যর্থ হয়েছে। এ লজ্জা তাই সবার।