সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার প্রমাণ পেয়েছে জাতিসংঘ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার জোরালো বেশ কিছু তথ্য-প্রমাণ পেয়েছেন জাতিসংঘ অস্ত্র পরিদর্শকেরা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এমনই আভাস দিয়েছেন গতকাল শুক্রবার জাতিসংঘের এক বৈঠকে।
অস্ত্র পরিদর্শকেরা নিশ্চিত হয়েছেন যে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে। তবে কারা এ অস্ত্র ব্যবহার করেছে, তা নিশ্চিত করে অস্ত্র পরিদর্শকেরা বলেননি। আগামী সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে তদন্ত প্রতিবেদনে জমা দেবেন জাতিসংঘের অস্ত্র পরিদর্শকেরা। এ ছাড়া প্রতিবেদনটি সম্পর্কে তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের তিন কূটনীতিকও একই পূর্বাভাস দিয়েছেন।
তদন্ত প্রতিবেদনে এ হামলার জন্য সরাসরি সিরিয়ার শাসকগোষ্ঠীকে দায়ী করা না হলেও উল্লিখিত তথ্য-প্রমাণ থেকে সরকারই দায়ী—এমনই আভাস পাওয়া যায়। গত ২১ আগস্ট দামেস্কের উপকণ্ঠে এ রাসায়নিক অস্ত্র হামলা হয়।
ফরেইন পলিসি ম্যাগাজিন জানায়, তদন্ত প্রতিবেদনটিতে রয়েছে হামলাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি-সম্পর্কিত বেশ কিছু জোরালো তথ্য-প্রমাণ। নিক্ষিপ্ত রকেট, গোলাবারুদ পরীক্ষাসহ মাটি, রক্ত এবং মূত্রের নমুনা পরীক্ষা থেকে পাওয়া প্রমাণে হামলার দায় সিরিয়া সরকারের বলেই জোরালো আভাস পাওয়া যাচ্ছে।
একজন সুইডিশ বিজ্ঞানীর নেতৃত্বাধীন জাতিসংঘ তদন্ত দল গত মাসে রাসায়নিক অস্ত্র হামলার তদন্ত করতে দামেস্কে যায়।
জেনেভায় ‘গঠনমূলক’
আলোচনা হচ্ছে: কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তাঁর আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছেন। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় কেরি ও লাভরভের মধ্যে ওই আলোচনা শুরু হয়।
এদিকে রাসায়নিক অস্ত্ররোধবিষয়ক চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে সিরিয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সিরিয়ার এই সিদ্ধান্তই প্রমাণ করে, দামেস্ক সংকট সমাধানের ব্যাপারে আন্তরিক। রয়টার্স, বিবিসি ও সিবিসি।