মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হেয়াইট হাউস থেকে আগেই অভিযোগ করা হয়েছে, সিরিয়ার সরকার দেশটির জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। এই অভিযোগের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে তা সিরিয়ার পরিস্থিতি পাল্টে দেবে। তার পরও খুব শিগগিরই সিরিয়ায় সামরিক অভিযান চালানোর পক্ষে নন ওবামা। তবে সিরিয়ায় সামরিক অভিযান চালালে তাতে মিত্র দেশগুলোর অংশগ্রহণ চান তিনি।এদিকে সিরিয়ায় অভিযান চালানোর জন্য ভালো বিকল্প যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা। অভিযানের একটি বিকল্প হতে পারে সাগরে যুদ্ধজাহাজ থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। অন্যটি হতে পারে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরাপদ করার স্বার্থে দেশটিতে হাজার হাজার মার্কিন সেনা পাঠানো।এর আগে সিরিয়ার বিদ্রোহীদের কাছে মার্কিন অস্ত্র সরবরাহের বিপক্ষে মত দিয়েছিলেন ওবামা। তবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে বলা হয়, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। এর পর থেকে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওবামার ওপর একধরনের চাপ সৃষ্টি হয়েছে। তবে ইরাক ও আফগানযুদ্ধের পর সিরিয়ায় সামরিক অভিযানে জড়িয়ে পড়ার ক্ষেত্রে বেশ সতর্ক ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসে গত মাসে বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানে ‘বোধগোম্য কোনো ফল’ বেরিয়ে আসবে বলে তাঁর মনে হয় না। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, সিরিয়ার ক্ষেত্রে যেকোনো বড় সিদ্ধান্তে পৌঁছার আগে বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখতে হবে।বিশ্লেষকেরা মনে করেন, সিরিয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই সতর্কতা ‘বোধগম্য’। ইরাকযুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে বিশেষ অভিজ্ঞতা দিয়েছে। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে বলে ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটিতে অভিযান চালিয়েছিল ওয়াশিংটন। সিরিয়ায় যুদ্ধে জড়িয়ে পড়লে মার্কিন বাহিনী অসংখ্য ঝুঁকি ও সীমাবদ্ধতায় পড়তে পারে।এদিকে সিরিয়ায় অভিযান চালাতে হলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে সাগরে যুদ্ধজাহাজ থেকে সরকারি বাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা। কিন্তু এর জবাবে সিরিয়ার সরকারি বাহিনী কী করবে, সেটাও ভাবতে হবে। আর এখন পর্যন্ত সিরিয়ার ক্ষেত্রে রাশিয়ার যা অবস্থান, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেই বিষয়টিও ভাবতে হবে। কারণ ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে রাশিয়ার নৌ স্থাপনা রয়েছে। সিরিয়া অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরেকটি বিকল্প ভাবতে পারে। তা হলো জর্ডান ও তুরস্কের সহায়তা নেওয়া।