সিরিয়ায় সারিন হামলা নিশ্চিত করেছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলিতে গত ২১ আগস্ট সারিন গ্যাসের হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। সংস্থাটি গতকাল সোমবার বলেছে, এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া, সিরিয়ার যুদ্ধে ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে বলেও জানায় সংস্থাটি। এ বিষয়ে জাতিসংঘ বিশেষজ্ঞদের তদন্ত প্রতিবেদন গতকাল প্রকাশ করা হয়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিষিদ্ধ ওই অস্ত্র ব্যবহারকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংসে রুশ-মার্কিন পরিকল্পনা সমর্থন করতে নিরাপত্তা পরিষদের প্রতি ‘প্রভাব’ খাটানোর আহ্বান জানান। ওই রাসায়নিক হামলার পেছনে কে বা কারা দায়ী, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি বান কি মুন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সিরিয়ায় বিভিন্ন পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে শিশুসহ নিরীহ লোকজনের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলাস্থল থেকে পাওয়া পরিবেশগত, রাসায়নিক ও চিকিৎসাবিষয়ক নমুনা পরীক্ষায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট থেকে নার্ভ গ্যাস সারিন ব্যবহারের সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে।’ এএফপি ও রয়টার্স।