সিরিয়ায় হামলা নিয়ে ওবামা-ক্যামেরন ফোনালাপ
সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পরস্পরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগের পর দুই নেতার মধ্যে এটা দ্বিতীয় দফার ফোনালাপ।
সিরিয়ার বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল মঙ্গলবার বলেন, দেশের মানুষের ওপর সিরিয়ার সরকার রাসায়নিক হামলা চালানোর পর আন্তর্জাতিক সম্প্রদায় চুপ করে থাকবে না।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, সিরিয়ায় হামলার জন্য তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশের অপেক্ষায় মার্কিন সেনারা। তারা সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার নির্দেশ বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় সরঞ্জাম জায়গামতো রেখেছি।’
সিরিয়ায় হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দুই বৃহত্ শক্তি রাশিয়া ও চীন এবং ইরান। মস্কো বলেছে, সিরিয়ায় শক্তিপ্রয়োগ ওই অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনবে।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষ্য, এ জন্য নিঃসন্দেহে সিরিয়ার সরকারই দায়ী। গতকাল মঙ্গলবার জো বাইডেন এমন দাবি করেছেন। তিনি বলেন, ‘সিরিয়ায় জঘন্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য কে দায়ী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সিরিয়ার সরকারই দায়ী।’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধীদের অভিযোগ, ২১ আগস্ট রাজধানী দামেস্কের অদূরে সেনাবাহিনী রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত তিন শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তিন সহস্রাধিক।
দেশটির সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এ অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সত্যিই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘের ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল আজ তৃতীয় দিনের মতো তদন্তকাজ করবে। তারা আজও ঘটনাস্থলে যাবে।