সিরিয়ায় হামলা সন্ত্রাসবাদের ঢেউ ছড়িয়ে দেবে: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সিরিয়া সংকট নিয়ে মার্কিন জনগণ ও রাজনীতিবিদদের প্রতি ব্যক্তিগতভাবে একটি আবেদন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় সামরিক হামলা সন্ত্রাসবাদের নতুন ঢেউ ছড়িয়ে দেবে বলে সতর্ক করেছেন তিনি।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় আজ বৃহস্পতিবার পুতিনের একটি মতামত নিবন্ধ প্রকাশিত হয়েছে। মার্কিন জনগণ ও রাজনীতিবিদদের উদ্দেশে নিবন্ধটি লিখেছেন বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন লিখেছেন, ‘হামলা সহিংসতা বাড়াবে। সন্ত্রাসবাদের নতুন ঢেউ ছড়িয়ে দেবে। এই হামলা ইরানের পারমাণবিক সংকট, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত সমাধানের প্রচেষ্টা ব্যাহত করবে। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে অস্থিতিশীল করবে। আন্তর্জাতিক আইন-কানুনে পুরো ব্যবস্থাকে ভারসাম্যহীন করে তুলবে।’
ওয়াশিংটন ও তার মিত্রদের অভিযোগ, সিরিয়া সরকার গত মাসে রাজধানী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই অভিযোগ অস্বীকার করে হামলার জন্য বিদ্রোহীদেরই দায়ী করেছেন।
রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ায় সামরিক হামলা চালাতে ওবামা প্রশাসন অনড়। তবে হামলা এড়াতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রস্তাব দিয়েছে মস্কো। এই প্রস্তাবে দামেস্কও সম্মত হয়েছে।

এদিকে সিরিয়ার রাসায়নিক অস্ত্র পরিত্যাগের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আজ বৃহস্পতিবার জেনেভায় আলোচনায় বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এমন প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন জনগণ ও রাজনীতিবিদদের উদ্দেশে নিবন্ধ লিখেছেন। তিনি তাঁর নিবন্ধে উল্লেখ করেছেন, জাতিসংঘকে পাশ কাটানো এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া সিরিয়ায় হামলা হলে সংস্থাটিকে লিগ অব নেশনসের পরিণতি বরণ করতে হবে।

পুতিন দাবি করেন, সিরিয়ার সরকার নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষায় কাজ করছে রাশিয়া।