সিরিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্রের শত্রুরা শক্তিশালী হবে: আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদ বলছেন, সিরিয়ায় মার্কিন হামলা যুক্তরাষ্ট্রের শত্রুদের শক্তিশালী করবে। ছবি: রয়টার্স
আসাদ বলছেন, সিরিয়ায় মার্কিন হামলা যুক্তরাষ্ট্রের শত্রুদের শক্তিশালী করবে। ছবি: রয়টার্স

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, দুই বছর ধরে গৃহযুদ্ধপীড়িত সিরিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্রের শত্রুরা শক্তিশালী হবে। আজ সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। আসাদ সিবিএসকে বলেন, সিরিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ন হবে। তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) প্রথমে প্রশ্ন করা উচিত, যুদ্ধ তাদের কী দেয়? ...কিছুই না। কোনো রাজনৈতিক ফায়দা নয়, অর্থনৈতিক সুবিধা নয়, সুখ্যাতিও নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা সর্বকালের মধ্যে সবচেয়ে কম। তাই এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে।’ সিরিয়ায় হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে হতাশা প্রকাশ করেন সিরীয় প্রেসিডেন্ট। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই ওবামাও দুর্বল গোয়েন্দা তত্পরতা ও ভুল পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছেন। সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তার সঠিক প্রমাণ দেওয়ার তাগিদ দেন আসাদ। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, সিরিয়ায় যেকোনো হামলার ফলে সে দেশের সীমান্তে আল-কায়েদার কার্যক্রম আরও বিস্তৃত হবে।

সাক্ষাত্কারের একপর্যায়ে সিবিএসের সাংবাদিক চার্লি রোজ আসাদকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ কংগ্রেসে উপস্থাপন হয়েছে বলে দাবি করেন। জবাবে আসাদ বলেন, ‘কোনো কিছুই উপস্থাপন করা হয়নি।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দৃশ্যত কোনো নথিপ্রমাণ পেশ করলেও তার সত্যতা নিয়ে তাঁর প্রশ্ন থাকত।
আসাদ বলেন, ‘আমাদের কাছে কলিন পাওয়েলের (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) নজির আছে। ১০ বছর আগে তিনি যখন নথি দিয়েছিলেন, সেগুলোও মিথ্যা ছিল। বর্তমানেরগুলোও তা-ই।’