সিরিয়ায় হামলার পক্ষে সমর্থন আদায়ে তৎপর ওবামা
সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার পক্ষে সমর্থন জোগাতে তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ায় চলমান সংঘাতের কারণে ২০ লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সিরিয়ায় হামলা অনুমোদনে কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওবামা। কংগ্রেসে বিষয়টি নিয়ে বিতর্ক ও ভোটাভুটি হবে। সেই ভোটাভুটিতে সিদ্ধান্ত হবে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় অভিযান চালাবে কি না।
মার্কিন কংগ্রেসে গ্রীষ্মকালীন অবকাশ চলছে। ৯ সেপ্টেম্বর আবার অধিবেশন শুরু হওয়ার কথা। এরপর সিরিয়া ইস্যু নিয়ে বিতর্ক ও ভোটাভুটি হবে। এ পরিস্থিতিতে এটা স্পষ্ট যে অন্তত ৯ সেপ্টেম্বরের আগে সামরিক অভিযানের কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় হামলার বিষয়ে কংগ্রেসের অনুমোদন পেতে হোয়াইট হাউস তৎপর হয়ে উঠেছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় হামলার বিষয়ে কংগ্রেসের সমর্থন পেতে ওবামা প্রশাসন সর্বশক্তি নিয়োগ করবে।
ইতিমধ্যে রিপাবলিকান দুই সিনেটর জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহামের সঙ্গে আলোচন করেছেন ওবামা। এরপর এই দুই সিনেটর বলেন, সিরিয়া বিষয়ে কংগ্রেসে না ভোট দেওয়ার পরিণতি হবে মারাত্মক।
যুক্তরাষ্ট্রের উভয় হাউসের বিরোধী নেতাদের সঙ্গেও প্রেসিডেন্ট ওবামা আলোচনা করবেন বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির সামনে হাজির হবেন বলে জানা গেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, সিরিয়ায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের কারণে ২০ লাখেরও বেশি সিরিয়ান শরণার্থী হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে রাজধানী দামেস্কে রাসায়নিক হামলার অভিযোগ এনেছে বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।