
সিরিয়ার উদ্বাস্তু শিশুদের শিক্ষার জন্য ১৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সহায়তা দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে গত সোমবার এই আহ্বান জানায় সে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাবে, সিরিয়ার দুই লাখ ৫৭ হাজার উদ্বাস্তু শিশু চলতি ২০১৩ সালে প্রতিবেশী লেবাননে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। আগামী বছর এই সংখ্যা বেড়ে চার লাখ হবে। এতে লেবাননের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক চাপ পড়বে। এসব বিদ্যালয়ে এখন তিন লাখের মতো শিশুকে শিক্ষা দেওয়া হয়।
সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা যখন নিউইয়র্কে জড়ো হচ্ছেন, তখন মালালা এবং জাতিসংঘের শিক্ষাদূত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সিরিয়ার ওই শিশুদের জন্য তহবিল সংগ্রহের জোর চেষ্টা চালাচ্ছেন। তাঁরা এরই মধ্যে আবাজ নামে একটি গ্রুপের কাছ থেকে ১০ লাখ ডলার সহায়তা পেয়েছেন।
নিউইয়র্কে সোমবার মালালা বলে, ‘সিরিয়ায় যা ঘটছে, তা আমি অনুভব করি। কারণ, পাকিস্তানে আমাদের ক্ষেত্রে তা-ই ঘটেছে।’
মালালার পাশাপাশি অনুষ্ঠানে বক্তৃতা করেন সিরিয়ার শিক্ষার্থী ফারাহ হাদ্দাদ (২০)। পাকিস্তানে নারীদের শিক্ষার অধিকারের দাবিতে সরব ভূমিকা রাখায় গত বছর তালেবানের গুলিতে গুরুতর আহত হয় মালালা (১৬)। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। রয়টার্স।