সিরিয়ার ওপর চাপ অব্যাহত রাখবে ইঙ্গ-মার্কিন-ফরাসি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস আজ সোমবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: রয়টার্স
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস আজ সোমবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: রয়টার্স

সিরিয়া যেন প্রতিশ্রুতিমতো তার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মহলের হাতে তুলে দেয়, সে জন্য দেশটির ওপর চাপ তৈরি করতে আজ সোমবার একমত হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। সম্ভাব্য মার্কিন আগ্রাসনের হাত থেকে বাঁচতে রাসায়নিক অস্ত্র সমর্পণের ঘোষণা দিয়েছে সিরিয়া। যুক্তরাষ্ট্র বলছে, বিষাক্ত সারিন গ্যাস প্রয়োগ করে কয়েক শ নিরীহ মানুষকে হত্যা করেছে সিরিয়ার সরকার। এ জন্য সরকারকে উত্খাত করতে বা উচিত শিক্ষা দিতে দেশটির ওপর ব্যাপক সামরিক অভিযান চালানো উচিত।
রয়টার্স জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্য এ তিন রাষ্ট্র পরিষদে একটি জোরালো প্রস্তাব উত্থাপন করতে চায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের দপ্তর থেকে জানানো হয়েছে, ওই প্রস্তাবের লক্ষ্য থাকবে সিরিয়ার অস্ত্র সমর্পণের একটি কড়াকড়ি সময়সীমা বেঁধে দেওয়া।
সিরিয়াকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঐকমত্যে পৌঁছানোর দুই দিন পর ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এ বিবৃতি দেওয়া হলো। আজ প্যারিসে তিন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট বৈঠক করেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এ ত্রয়ী শক্তি ও মস্কো এ ব্যাপারে একমত হয়েছে যে, সিরিয়া যদি তার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে, তবে তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে। কেরি আরও বলেন, চুক্তি হয়েছে, এর অর্থ এ নয় যে আসাদকে অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া হয়েছে এবং তিনি সব ধরনের বৈধতা হারিয়েছেন।
জন কেরি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াসের সঙ্গে বৈঠকে ওলাঁদ বলেছেন, তাঁদের লক্ষ্য হলো একটি সুনির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া।
ওলাঁদের দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওলাঁদ ওই সভায় শুধু সময়সীমা নয়, একটি সময়সূচি প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন।