সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র-সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সিরিয়াবিষয়ক নীতিতে হঠাৎ করেই নাটকীয় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি বাহিনীকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত করে বিদ্রোহীদের ছোট আকারের অস্ত্র ও গোলাবারুদ-সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
গত বৃহস্পতিবার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয় মার্কিন প্রশাসন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে যে সিরিয়ায় সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র হিসেবে সারিন গ্যাসসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। তবে গতকাল শুক্রবার সিরিয়া সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে সিরিয়ায় সীমিত আকারে জর্ডানের দক্ষিণ সীমান্তের কাছে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো-ফ্লাই জোন) প্রতিষ্ঠার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত দুই পশ্চিমা কূটনীতিক গতকাল শুক্রবার এ খবর দিয়েছেন। পশ্চিমা এই কূটনীতিকদের একজন জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এই নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করবে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা সিরিয়ার সরকারবিরোধীদের প্রতি সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সহায়তায় সামরিক সহায়তার কথাও যুক্ত হয়েছে।’ এএফপি ও রয়টার্স।