সিরিয়ার বিদ্রোহীদের হাতে পৌঁছেছে বিপুল অস্ত্র

সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধাদের হাতে প্রায় ৪০০ টন অস্ত্রের এক বিরাট চালান পৌঁছেছে। সরকারবিরোধীদের বরাত দিয়ে রয়টার্স আজ রোববার জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের মিত্রদের কাছ থেকে বিদ্রোহীরা এ সাহায্য পেল। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বিদ্রোহীদের পাওয়া অস্ত্র সাহায্যের মধ্যে এটাই সবচেয়ে বড়।
সরকারবিরোধীদের এক সূত্র আজ রোববার রয়টার্সকে জানায়, গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত তুরস্কের হাতাই প্রদেশ থেকে সিরিয়ার উত্তর সীমান্ত হয়ে এসব অস্ত্র বিদ্রোহীদের কাছে গেছে। ওই ব্যক্তি আরও জানান, অস্ত্রগুলোর বেশির ভাগই রকেট ছোড়ার যন্ত্র ও বিমানবিধ্বংসী মেশিন গান।
বিদ্রোহী বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানান, গত বুধবার বিদ্রোহী এলাকার কয়েক শ মানুষ সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার পর অস্ত্র সাহায্যের পরিমাণ দ্রুত বেড়েছে।
মোহাম্মদ সালাম নামের ওই কর্মকর্তা বলেন, ‘অস্ত্রবাহী ২০টি ওয়াগন তুরস্ক থেকে সিরিয়ায় ঢুকেছে। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন ব্রিগেডের মধ্যে ওইসব অস্ত্র বিতরণ করা হয়েছে।
পশ্চিমা দেশগুলোর সহযোগিতাপুষ্ট সিরিয়ার সুপ্রিম মিলিটারি কাউন্সিলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ বলেছেন, বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্রের হামলা চলেছে, এ খবর প্রকাশিত হওয়ার পর তুরস্ক হয়ে বিদ্রোহীদের জন্য বিপুল অস্ত্র সাহায্য আসতে শুরু করেছে।
শিয়া-সুন্নি দ্বন্দ্ব
সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সুন্নি মুসলমানদের বিদ্রোহ দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিয়েছে। এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে এক লাখ মানুষ প্রাণ হারিয়েছে।
উপসাগরীয় অঞ্চলের কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন সুন্নিপ্রধান রাষ্ট্র বিদ্রোহীদের সাহায্য করছে। অপরদিকে, আসাদকে সহায়তা করছে শিয়াপ্রধান রাষ্ট্র ইরান।
এখন পর্যন্ত সেনাবাহিনীর বিরুদ্ধে যে বিদ্রোহী দলগুলো লড়ছে, সেগুলোর অধিকাংশই উগ্র ইসলামপন্থী। এগুলোর মধ্যে আছে লিওয়া আল ইসলাম, শুকুর আল শাম, আহফাদ আল রাসুল ও আহরার আল শাম।